


জাপান, ২ অক্টোবর: নিজের ২৯ তম জন্মদিনে এর থেকে ভালো আর কী বা হতে পারত। এশিয়ান গেমসে ইতিহাস তৈরি করে বক্সিংয়ে সোনা জিতলেন বক্সার লভলিনা বরগোহাঁই। মহিলাদের বক্সিং ফাইনালে চিনা প্রতিপক্ষ জিয়ি বাওকে পরাজিত করে সোনা নিশ্চিত করেন তিনি। ২০১৪ সালে মেরি কমের পর দ্বিতীয় বক্সার হিসেবে এই অনন্য নজির গড়লেন অসমের এই কন্যা।
গতবার হাংঝৌ এশিয়ান গেমসে রুপো জিতে সন্তুষ্ট থাকতে হয়েছিল তাঁকে। কিন্তু এইবার পদকের রং বদলাতে মরিয়া ছিলেন তিনি। ভারতের প্রথম মহিলা বক্সার হিসেবে এশিয়ান গেমসের পরপর দুটি ফাইনালে ওঠার অনন্য নজির আগেই স্থাপন করেছিলেন ভারতীয় তারকা।
রিংয়ে লড়াই শুরু হতেই আক্রমণাত্মক মেজাজে শুরু করেন তিনি। প্রতিপক্ষের মুখে নিখুঁত কয়েকটি পাঞ্চ মেরে প্রথমেই এগিয়ে যান লভলিনা। যদিও চিনা প্রতিপক্ষ জিয়ি বাও টানা ১৪টি ম্যাচ জিতে অপরাজিত থেকে রিংয়ে নেমেছিলেন। খেলায় ফেরার জন্য মরিয়া চেষ্টা চালান জিয়ি বাও। তবে পাঁচ বিচারকের মধ্যে তিনজনের সমর্থন পেয়ে প্রথম রাউন্ডে ৩-২ ব্যবধানে এগিয়ে যান লভলিনা।
এরপর পরের রাউন্ডগুলিতে নিজের আধিপত্য বজায় রেখে জয় ছিনিয়ে নেন ভারতীয় তারকা। নিজের জন্মদিনের দিনে চিনের প্রাচীর গুড়িয়ে এমন দুর্দান্ত সোনা জয় ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে থাকবে।