


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বোনকে শ্বাসরোধ করে খুনের ঘটনায় অভিযুক্ত দাদা গ্রেপ্তার নারকেলডাঙা থানার পুলিশের হাতে। সঞ্জিত শা নামে ওই অভিযুক্তকে শুক্রবার রাতে ওই এলাকা থেকেই ধরা হয়। তাঁর দাবি, বোন একটি সম্পর্কে জড়িয়ে পড়েছিল। সেই সম্পর্ক মেনে নিতে না পেরেই পরিবারের সম্মান রক্ষায় বোনকে খুন বা ‘অনার কিলিং’ করেছেন।
জানুয়ারি মাসে নারকেলডাঙার শিবতলা লেনে এক তরুণীকে খাটের মধ্যে অচৈতন্য অবস্থায় পাওয়া যায়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে পুষ্প কুমারী নামে ওই তরুণীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। ময়নাতদন্তে জানা যায়, শ্বাসরোধ করে খুন করা হয়েছে ওই তরুণীকে। অভিযোগের ভিত্তিতে পুলিশ খুনের কেস রুজু করে। ঘটনার পর থেকে বেপাত্তা ছিলেন ওই তরুণীর দাদা। তাঁর মোবাইলও বন্ধ ছিল। শুক্রবার পুলিশের কাছে খবর আসে যে ওই যুবক এলাকায় এসেছেন। এরপর সেখান থেকেই তাঁকে গ্রেপ্তার করা হয়।
ধৃত পুলিশকে জানিয়েছেন, তিনি বোনকে গলা টিপে খুন করে পালিয়ে যান। বোনের সঙ্গে একজনের সম্পর্ক ছিল। সেটি তিনি মেনে নিতে পারছিলেন না। তাই বোনকে খুন করে প্রথমে পালান মুম্বই। সেখানে শ্রমিকের কাজ করছিলেন। পরে সেখান থেকে চলে আসেন বিহারে। ঘটনা থিতিয়ে যেতে তিনি কলকাতায় ফিরে ধরা পড়ে যান।