


নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: হুগলি জেলাতে ভোট হবে দ্বিতীয় দফায়। অর্থাৎ ২৯ এপ্রিল। গণনা ৪ মে। ভোট প্রচার থেকে ভোট গণনার পরিকল্পনা, নির্বাচনী বিধি বলবৎ করতে রবিবার থেকে ময়দানে নেমে পড়ল হুগলি জেলা নির্বাচন দপ্তর। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, হুগলি জেলায় ৪৪ লক্ষ ২৯৩ জন ভোটার রয়েছেন (তাঁর মধ্যে বিচারাধীনও রয়েছেন)। সেই মোতাবেক ৫২৩৮টি ভোটগ্রহণ কেন্দ্র তৈরি করা হয়েছে। ৩১২৬টি এলাকায় সেই ভোটগ্রহণ কেন্দ্রগুলি থাকবে। জেলায় এবারের বিধানসভা নির্বাচনে ১০০০টি মহিলা পরিচালিত ভোটগ্রহণ কেন্দ্র করা হচ্ছে। প্রায় ২৫ হাজার বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের জন্য পোস্টাল ব্যালটে ভোট নেওয়া হবে।
হুগলির মুখ্য নির্বাচনী আধিকারিক খুরশিদ কাদরী বলেন, জেলাজুড়ে নির্বাচনী বিধি বলবৎ করা হয়েছে। ভোটার থেকে ভোটপ্রার্থীদের ভয় দেখানো, অবৈধ পদ্ধতি অনুসরণ সহ একাধিক বিষয় রুখে দিতে ফ্লাইং স্কোয়াড তৈরি হয়েছে। ওই ধরনের যে কোনো অভিযোগ জানাতে ১৯৫০ (টোল ফ্রি) নম্বর ব্যবহার করা যাবে। অবাধ, শান্তিপূর্ণ এবং সুষ্ঠু ভোটগ্রহণের জন্য যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ভোট প্রক্রিয়া নিয়ে কমিশনের নির্দেশিকা সম্পর্কে অবহিত করাতে ১৭ মার্চ সমস্ত স্বীকৃত রাজনৈতিক দলের বৈঠক ডাকা হয়েছে। আজ, সোমবার সমস্ত ব্যাংকর্তাদের নিয়ে কমিশন বৈঠক করবে। রবিবার জাতীয় নির্বাচন কমিশন ভোটপ্রক্রিয়ার ঘোষণা করতেই মাঠে নেমে পড়ে হুগলি জেলা নির্বাচন দপ্তর। প্রথমদিন একগুচ্ছ নির্দেশিকা জারি করা হয়েছে। পাশাপাশি, ভোটগ্রহণ থেকে ভোটগণনার স্থানও চূড়ান্ত করে ফেলা হয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, হুগলি জেলায় ১৮টি বিধানসভা কেন্দ্র আছে। তারমধ্যে ১৪টি সাধারণ ও চারটি অর্থাৎ বলাগড়, ধনেখালি, আরামবাগ ও গোঘাট তফসিলি জাতিদের জন্য সংরক্ষিত। জেলায় ৫২৩৮টি ভোটগ্রহণ কেন্দ্রের সঙ্গে অক্সিলারি ভোটগ্রহণ কেন্দ্র রাখা হচ্ছে ৩৪৪টি। ৪২৭টি সেক্টরের মাধ্যমে ভোট পরিচালনা করা হবে। হুগলিতে ২২ লক্ষ ৩৬ হাজার ৪১৩ জন পুরুষ ও ২২ লক্ষ ৩ হাজার ৭৮৭ জন মহিলা ভোটার আছেন। ৯৩ জন তৃতীয় লিঙ্গের ভোটার।