


অন্ধ্রপ্রদেশ, ৩ অক্টোবর: হঠাৎ বিকট শব্দ। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা আকাশ। অন্ধ্রপ্রদেশে বিস্ফোরণের ঘটনায় এমনটাই জানাচ্ছেন এলাকার বাসিন্দারা। তিরুপতি জেলার শ্রী সিটির একটি ওষুধ কারখানায় এই বিস্ফোরণ ঘটেছে। সূত্রের খবর, রাতের শিফটে কর্মরত বেশ কয়েকজন শ্রমিক বিস্ফোরণের পর ভেতরে আটকে পড়েন। মর্মান্তিক এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত অন্তত ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এ ছাড়া ১০ জনেরও বেশি আহত হয়েছেন।
শনিবার সকাল ৮টা নাগাদ এই বিস্ফোরণটি ঘটে বলে জানাচ্ছেন স্থানীয় প্রশাসনিক আধিকারিকরা। এর পরেই এলাকাবাসী ছুটে আসেন। খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ এবং স্থানীয়দের সহযোগিতায় চলে উদ্ধারকাজ। আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়।
কিন্তু কীভাবে এই দুর্ঘটনা ঘটল? ওষুধ কারখানায় কীভাবে এই বিস্ফোরণ হল? ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। তবে তাঁদের প্রাথমিক অনুমান, বয়লার থেকেই এই বিস্ফোরণটি হয়ে থাকতে পারে। স্থানীয় প্রশাসন মৃতদের এবং আহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে।