


হায়দরাবাদ, ২২ সেপ্টম্বর: সোমবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে তেলেঙ্গানার এক হাসপাতালে প্রাণ গেল দুই নবজাতক শিশুর। ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার আদিলাবাদে রাজীব গান্ধী ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস এর স্পেশাল নিউবর্ন কেয়ার ইউনিটে। হাসপাতাল কর্তৃপক্ষের তৎপরতায় ওই ওয়ার্ড থেকে ২৮ জন শিশুকে নিরাপদে বের করে আনা সম্ভব হয়েছে বলে জানা গিয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, রাত প্রায় ১১টা ৫০ মিনিটে নিউবর্ন কেয়ার ইউনিটে আগুন লাগে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এসি শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। মুহূর্তের মধ্যে ওয়ার্ডে আগুন এবং ঘন ধোঁয়া ছড়িয়ে পড়ে। তবে আগুন লাগার সঠিক কারণ এখনও নিশ্চিত নয়। ঘটনার খবর পেয়ে দ্রুত হাসপাতালে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। বেশ কিছুক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। একইসঙ্গে ওয়ার্ডে থাকা শিশুদের দ্রুত নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়। তবে এই ঘটনায় দুই শিশুর মৃত্যু হয়েছে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অগ্নিকাণ্ডের পরিস্থিতি এবং এর নেপথ্যে কোনো গাফিলতি বা অবহেলা রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ঘটনার সময় যথাযথভাবে কাজ করছিল কি না, তাও তদন্তের আওতায় রয়েছে।
ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। মৃত শিশুদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। পাশাপাশি, অগ্নিকাণ্ডে আক্রান্ত সমস্ত শিশুর উন্নত চিকিৎসা প্রদান করতে এবং তাঁদের শারীরিক অবস্থার উপর নিয়মিত নজর রাখতে আধিকারিকদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। ঘটনার কারণ জানতে বিস্তারিত তদন্তের নির্দেশও দিয়েছেন তিনি। তদন্তের রিপোর্ট দ্রুত জমা দেওয়ার জন্য সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে তেলেঙ্গানার হাসপাতালগুলিতে অগ্নিনিরাপত্তা ও বৈদ্যুতিক নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন তিনি।