


নিজস্ব প্রতিনিধি, বারুইপুর: পালাবদলের পর ক্ষমতায় এসে মুখ্যমন্ত্রী মাদক পাচারের বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছিলেন। তারপর থেকেই রাজ্যজুড়ে কড়া নজরদারি চালাচ্ছিল প্রশাসন। তার ফলও মিলল। বিপুল পরিমাণে গাঁজা পাচার হচ্ছিল দক্ষিণ চব্বিশ পরগনা দিয়ে। সতর্ক ছিল পুলিশ। আটক হল ৬৩৫ কেজি গাঁজা। যার বাজারমূল্য প্রায় ৭০ লক্ষ টাকা।
গোপন সূত্রে খবর পেয়ে বারুইপুর থানা ও বারুইপুর এসওজি রবিবার মধ্যরাতে ছয়ানি ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প এলাকায় হানা দেয়। সেখানেই তারা আটক করে একটি পিকআপ ভ্যানকে। পুলিশের নজর এড়াতে ভ্যানের ভেতর রাখা ছিল প্রচুর পচা সবজি। আর তার তলায় থরে থরে সাজানো গাঁজার প্যাকেট। গাড়ির সঙ্গে তিনজনকে গ্রেপ্তার করা হয়। বাজেয়াপ্ত করা হয় গাঁজা এবং গাড়িটি। প্রাথমিক জিজ্ঞাসা করে জানা গিয়েছে, গাঁজার ওই বিপুল চালানটি পৌঁছে দেওয়ার কথা ছিল বাসন্তীতে। যা আসছিল ওড়িশা থেকে। এই বিপুল পরিমাণ মাদক পাচারের সঙ্গে জড়িত বাকিদের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ।