


ইসলামাবাদ: পহেলগাঁও জঙ্গি হামলার পর থেকেই ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্কের উত্তেজনা চরমে। সিন্ধু জলচুক্তি স্থগিত রেখেছে নয়াদিল্লি। এই বিষয়টি নিয়ে অপারেশন সিন্দুর পরবর্তী পরিস্থিতিতে ভারতের বিরুদ্ধে সুর চড়িয়েছে পাকিস্তান। এমন সংঘাতের পরিস্থিতির মধ্যেও ‘মানবিক’ পদক্ষেপ নয়াদিল্লি। সিন্ধু অববাহিকার তাউয়ি নদীর বন্যা পরিস্থিতি নিয়ে পাকিস্তানকে আগাম সতর্ক করে দিল ভারত। ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনের তরফে বিষয়টি জানানো হয়। তারপরেই স্থানীয়দের জন্য সতর্কবার্তা জারি করে পাক সরকার। যদিও এবিষয়ে সরকারিভাবে বিবৃতি দেয়নি দুই দেশই। চুক্তি অনুযায়ী সাধারণত সিন্ধু জল কমিশনারের মাধ্যমে এই খবর আদান প্রদান করা হয়। এপ্রিলে পহেলগাঁও হামলার পরেই চুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় মোদি সরকার। বিষয়টি নিয়ে যুদ্ধের হুঁশিয়ারি পর্যন্ত দিয়েছে পাক সরকার। তা সত্ত্বেও ইসলামাবাদকে আসন্ন বিপর্যয় নিয়ে আগাম বার্তা দিল নয়াদিল্লি। ভারতের জম্মু হয়ে পাকিস্তানের সিয়ালকোট দিয়ে প্রবাহিত হয়েছে তাওয়ি নদী। তাই জম্মুতে বন্যা হলে ভাসবে পাকিস্তানও। সেকথা মাথায় রেখেই ভারতের আগাম সতর্কবার্তা। ভারী বৃষ্টির জেরে ইতিমধ্যেই বিপর্যস্ত পাকিস্তানের বিস্তীর্ণ অঞ্চল। প্লাবিত বহু এলাকা। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২৬ জুন থেকে ২০ আগস্টের মধ্যে ৭৮৮ জনের মৃত্যু হয়েছে। জখমের সংখ্যা হাজারের বেশি। মৃতদের মধ্যে ২০০ শিশু, ১১৭ জন মহিলা। ৩০ আগস্ট পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা দপ্তর। ওয়াকিবহাল মহলের মতে, প্রতিবেশী দেশের বর্তমান পরিস্থিতিতে ভারতের এই পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ।