


রাঁচি: সরকারি চাকরির নিয়োগে অনিয়মের অভিযোগ ঘিরে প্রবল চাপে ঝাড়খণ্ডের জেএমএম নেতৃত্বাধীন জোট সরকার। বুধবার মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন বলেন, আজ রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি। সবটাই খতিয়ে দেখা হচ্ছে। আমরা শীঘ্রই ব্যবস্থা নেব। তবে মুখ্যমন্ত্রীর আশ্বাস সত্ত্বেও ছাত্রছাত্রীদের আন্দোলন অব্যাহত। আর এই আন্দোলনের মুখ হিসাবে উঠে এসেছেন ছাত্রনেতা দেবেন্দ্রনাথ মাহাত। রাঁচির জয়পাল সিং মুন্ডা স্টেডিয়ামে ২ আগস্ট থেকে অনশন শুরু করেছেন তিনি। নিট প্রশ্নফাঁস আন্দোলনে অনশন চালানো সোনাম ওয়াংচুকের সঙ্গে তুলনাও শুরু হয়ে গিয়েছে এই ছাত্রনেতার। ঝাড়খণ্ডের প্রতিবাদী পড়ুয়াদের প্রতি ইতিমধ্যেই সমর্থন জানিয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে। আর এবার স্বয়ং ওয়াংচুক ফোনে কথা বললেন অনশনরত মাহাতর সঙ্গে। অনশন চালিয়ে গেলেও ওয়াংচুকের অনুরোধেই এদিন জলপান করেছেন তিনি।
এদিন দেবেন্দ্রনাথ মাহাত বলেন, ওয়াংচুকের সমর্থন প্রতিবাদী পড়ুয়াদের মনোবল আরও বাড়িয়ে দিয়েছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন জারি রাখার অনুপ্রেরণা জুগিয়েছে। অনশন জারি থাকলেও ওয়াংচুকের অনুরোধেই লবণ ও পানীয় জল পানে সম্মত হয়েছি। এরই মধ্যে মাহাতের সঙ্গে অনশন শুরু করেছেন দুই মহিলা সহ আরও পাঁচ প্রতিবাদী। ফলে অনশনকারীর সংখ্যা বেড়ে হল ছয়।