


ওয়াশিংটন: আমেরিকায় ভারতীয় বংশোদ্ভূত মহিলাকে গুলি করে খুন। মঙ্গলবারের এই চাঞ্চল্যকর ঘটনাটি জর্জিয়ার। মৃত মহিলার নাম শীতল রজেসিয়েন। জানা গিয়েছে, গুগলের প্রাক্তন আধিকারিক ছিলেন তিনি। ঘটনায় গুরুতর আহত শীতলের ছেলে জেসন। ইতিমধ্যে খুনের অভিযোগে মৃতের স্বামী কার্ক বি রজেশিয়েনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে খুন, হামলা, আগ্নেয়াস্ত্র রাখা সহ একাধিক অভিযোগ আনা হয়েছে। পুলিশের অনুমান, গার্হস্থ্য হিংসার জেরে এই ঘটনা। প্রতিবেশী ও আত্মীয়দের জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় রাত ৮টা নাগাদ স্মিরনা শহরে এই হামলার খবর মেলে। ঘটনাস্থলে পৌঁছাতেই শীতলকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি। ঘটনায় রীতিমতো হতবাক দম্পতির প্রতিবেশী জোয়ান অ্যান্ডারসন।