


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: খবরটা আগেই প্রকাশিত হয়েছিল বর্তমানের খেলার পাতায়। বুধবার পড়ল সরকারি শিলমোহর। এবছর সিএবি’র জীবনকৃতি সম্মান পাচ্ছেন প্রাক্তন অলরাউন্ডার উৎপল চ্যাটার্জি। মহিলাদের বিভাগে এই সম্মানে ভূষিত হবেন পূর্ণিমা চৌধুরি। সন্ধ্যায় উৎপল ফোনে জানালেন, ‘আমি সত্যিই ভাগ্যবান। বাংলার হয়ে অনেকেই খেলেছেন। কিন্তু ক’জনই বা এমন সম্মান পেয়েছেন! এটাই হয়তো আমার জীবনের শেষ সেরা স্বীকৃতি। এতবছর ধরে যে খেলাটার জন্য আমি নিজেকে উজাড় করে দিয়েছি, তার প্রকৃত মূল্যায়ন হল। জীবনকৃতি সম্মান আসলে পূর্ণতা দিল আমার ক্রিকেট কেরিয়ারকে।’
আগামী ৭ সেপ্টেম্বর ধনধান্যে অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে সিএবি’র বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ভারতীয় দলের প্রাক্তন পেসার আশিস নেহরা। বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন সুদীম ঘরামি। মহিলাদের বর্ষসেরা ক্রিকেটার তনুশ্রী সরকার। বছরের সেরা বোলারের পুরস্কার পাবেন মহম্মদ সামি।
বুধবার ছিল সিএবি’র অ্যাপেক্স কমিটির সভা। সেখানেই পুরস্কার প্রাপকদের তালিকা চূড়ান্ত হওয়ার পাশাপাশি বার্ষিক সাধারণ সভার দিন ঠিক হয়েছে। আগামী ২৪ সেপ্টেম্বর বাইপাস সংলগ্ন একটি পাঁচতারা হোটেলে হবে এজিএম। এবার তিনটি পদ শূন্য হয়েছে। সচিব, যুগ্মসচিব এবং অ্যাপেক্স কমিটির একটি পদে নির্বাচন হবে। তবে ভোটাভুটি হবে কিনা, তা সময় বলবে। কিন্তু রাজ্যে পালাবদলের পর বিরোধী শিবির অক্সিজেন পেয়েছে। জেলা থেকে সিএবি’তে এতদিন যাঁরা প্রতিনিধিত্ব করতেন, তার ছবিটা বদলে যেতে পারে। সেই কারণেই ভোটের অঙ্ক কষা চলছে দুই শিবিরে। তবে সৌরভ গাঙ্গুলিকে খুবই আত্মবিশ্বাসী দেখাল। অ্যাপেক্স কমিটির মিটিংয়ের পর তিনি বললেন, ‘ভোটাভুটি হলে হবে। আমি এসব নিয়ে ভাবছি না।’
সিএবি’র পরবর্তী সচিব কে হবেন, তা নিয়ে জোর জল্পনা ময়দানে। একাধিক নাম সামনে আসছে। সভাপতি সৌরভ গাঙ্গুলিকে নানা সমীকরণ মাথায় রেখেই সিদ্ধান্ত নিতে হবে। তবে ভোটাভুটির বদলে কাউকে মনোনীত করা হলে সেক্ষেত্রে সেরা প্রার্থী সৌমিক গাঙ্গুলি (সাহেব)। তাঁর বাবা বাবলু গাঙ্গুলিও অতীতে একাধিক পদে ছিলেন। শাসক শিবিরের অনেকে সঞ্জয় দাসকে সচিব পদে আনার দাবি জানাচ্ছেন। বর্তমানে তিনি কোষাধ্যক্ষ। কেউ কেউ আবার, প্রাক্তন এক ক্রিকেটারকে সচিব পদের দাবিদার বলে জানাচ্ছেন। আপাতত ২৪ সেপ্টেম্বর পর্যন্ত এই হিসাব কষা চলবে। তবে কোনো পদে ভোটাভুটি হয় কিনা, সেটাই দেখার।