


প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘ঘুন গাঁও’। ছবি থেকে ব্যক্তিজীবন নানা বিষয়ে আড্ডা দিলেন অভিনেত্রী অনিন্দিতা বসু।
বাংলায় কামব্যাক
দীর্ঘদিন পর বাংলা ছবিতে কাজ করলেন অভিনেত্রী অনিন্দিতা বসু। এটিই কি তাঁর বাংলায় কামব্যাক? হেসে নায়িকার জবাব, ‘আমি কিন্তু কোনোদিন কলকাতা ছাড়িনি। ২০২১-এ যখন আমি মুম্মইয়ে ফিরে গেলাম তখনও আমি এখানে ওয়েব সিরিজের কাজ করে চলেছি। আসলে ওখানে শারীরিকভাবে উপস্থিত থাকাটা খুব জরুরি ছিল। অডিশনের জন্য।’ অভিনেত্রীর সংযোজন, ‘মুম্বই আমার বসবাসের শহর হলেও কাজের জায়গাটা ছিল নতুন। অভিনয় করব, আমি তো কোনোদিন ভাবিইনি। কলকাতা যখন আমাকে অভিনেত্রী হিসাবে পরিচিতি দিল, তখন ভাবলাম ওখানে গিয়ে চেষ্টা করেই দেখা যাক না।’ এভাবেই বাণিজ্যনগরীতে অভিনয় কেরিয়ার শুরু হল অনিন্দিতার।
ব্যক্তিজীবন
তাঁর ব্যক্তিজীবন একাধিক ভাঙাগড়ার সাক্ষী। সে কারণেই কি সাময়িক কলকাতা ত্যাগ? যদিও বিষয়টি অন্যভাবে ব্যাখ্যা করলেন নায়িকা। তাঁর কথায়, ‘আমার দু’বার ডিভোর্স, আরও একটা সম্পর্কের ভেঙে যাওয়ার জন্য যে আমি কলকাতা থেকে পালিয়ে গিয়েছিলাম, তা নয়। একধরনের কাজ করলে নিজেকে আবিষ্কার করব কী করে? এখানে টানা আট বছর কাজের পর মনে হল নিজের জন্য সময় বার করতে চাই। আরও একটু সিলেক্টিভ কাজ করতে চাই। মুম্বইতেও নতুন নতুন কাজের ক্ষেত্র তৈরি হচ্ছিল। তাছাড়া সম্পর্ক ভাঙার দায় আমার একার নয়। কাজের প্যাশানের আঁচ আমি ব্যাক্তি জীবনে পড়তে দিইনি। তবুও কেন ভাঙল, সে আমার পার্টনাররাই ভালো বলতে পারবেন।’
নতুনত্ব
অনিন্দিতা মনে করেন, ‘ঘুন গাঁও’ ছবিতে নতুনত্ব হল গল্প। ছবিটি ডার্ক থ্রিলার ঘরানার। আর তাঁর চরিত্র? ‘আমার চরিত্রের নাম শানায়া। ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার। ভীষণভাবে সাদা-কালো চরিত্র। নিজের প্যাশন নিয়ে থাকে। ভয় পেয়ে পিছিয়ে বা পালিয়ে যাওয়ার মেয়ে নয়। অনেকটা আমার মত (হাসি)।’ নায়িকা আরও বলেন, ‘আমার আঠারো বছরের কেরিয়ারে এমন চরিত্রে আমি আগেও অভিনয় করেছি। পরিচালক সৌম্য রায় চৌধুরির লেখা বিষয় ও চিত্রনাট্য, গল্প বলার ধরনটা আমার নতুন লেগেছে।’
ছবির হিরো
ছবির হিরো রণজয় বিষ্ণুর সঙ্গে আগেও কাজ করেছেন অনিন্দিতা। সে প্রসঙ্গে তিনি বললেন, ‘হ্যাঁ, আগেও কাজ করেছি। এখন রণজয় অনেক পরিণত অভিনেতা।’
বাংলা সিরিয়াল
দীর্ঘদিন বাংলা ধারাবাহিকেও দেখা যায়নি অভিনেত্রীকে। সে মাধ্যমেও কি ফেরার ইচ্ছা রয়েছে তাঁর? অনিন্দিতা বললেন, ‘না, এখন সিনেমা, ওয়েব সিরিজের যে ধারাবাহিকতায় রয়েছি, সেখান থেকে আবার সিরিয়ালে ফিরতে চাই না।’
ছবি আঁকা
অনিন্দিতার প্যাশন ছবি আঁকা। তা আবার শুরু করেছেন তিনি। বললেন, ‘কোভিডের সময় থেকে শুরু হয়েছে। ঠিক করেছি এখন অভিনয় আর আঁকা দুটো পাশাপাশি চালাব।’