


মুম্বই: ঘরের মাঠে বিশ্বকাপ। টুর্নামেন্টে টানা ১০ ম্যাচ জিতে ফাইনালে ওঠা। ২০২৩ একদিনের বিশ্বকাপে ফেভারিট হিসেবে মাঠে নেমেও অস্ট্রেলিয়ার কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় টিম ইন্ডিয়ার। সেই সময় দলের নেতৃত্বে থাকা রোহিত শর্মা তখনই ক্রিকেটকে বিদায় জানানোর ভাবনাচিন্তা করেছিলেন। দু’বছর বাদে সেই কথা নিজেই জানালেন ‘হিটম্যান’। এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘২০২৩ বিশ্বকাপ ফাইনালে হারটা মেনে নেওয়া খুবই কঠিন ছিল। দলের প্রতিটি সদস্য মানসিকভাবে বিধ্বস্ত ছিলাম। ব্যক্তিগত ভাবে সেই বিশ্বকাপটা খুবই স্পেশাল ছিল। ২০২২ সালে অধিনায়কের দায়িত্ব নেওয়ার পর থেকেই কাপ জয়ের স্বপ্ন দেখতাম। ঘরের মাঠে এভাবে তা ভেঙে চুরমার হবে, ভাবিনি। সেই ধাক্কা সামলে উঠতে প্রায় দু’মাস লেগেছিল। একটা সময় মনে হয়েছিল, ক্রিকেটকে বিদায় জানাবো। তবে কয়েক মাস পরেই ছিল টি-২০ বিশ্বকাপ। সেই কথা ভেবেই শেষ পর্যন্ত সিদ্ধান্ত বদলাই।’ উল্লেখ্য, রোহিতের নেতৃত্বেই ২০২৪ সালে টি-২০ বিশ্বকাপ জেতে ভারত। তারপরই এই ফরম্যাটকে বিদায় জানান তিনি। তবে নেতৃত্ব হারিয়েও একদিনের ক্রিকেট চালিয়ে যাচ্ছেন এই মুম্বইকর।