


মাদ্রিদ: ঝুলিতে ২৪টি গ্র্যান্ড স্ল্যাম। র্যাকেট হাতে টেনিস কোর্টে ঝড় তুলেছেন বহুবার। তবে কোর্টে ব্যাট হাতে চার-ছক্কা হাঁকানোর টিপস মিলেছে বিরাট কোহলির কাছ থেকে। শুধু তাই নয়, ভিকে’র জন্যই ক্রিকেট দেখা শুরু করেন নোভাক জকোভিচ। সোমবার মাদ্রিদে লরিয়াস পুরস্কার অনুষ্ঠানে এমনটাই জানালেন সার্বিয়ান তারকা। এমনকি, খুব তাড়াতাড়ি ভারত সফরে আসবেন বলেই জানিয়েছেন তিনি। নোভাক বলেন, ‘খেলার প্রতি ভারতীয়দের আবেগ আমায় সবসময় মুগ্ধ করেছে। বিশেষত ক্রিকেটের নিয়ে সেখানকার উন্মাদনা সম্পর্কে আমি যথেষ্ট ওয়াকিবহাল। আর তা পুরোটাই বিরাট কোহলির জন্য। ও আমার বন্ধু। ওকে খুবই শ্রদ্ধা করি। শুধু তাই নয়, ওর জন্যই আমি ক্রিকেট দেখা শুরু করি। এখনও আমি ক্রিকেট সম্পর্কে নিয়মিত খোঁজখবর রাখি। আশা করছি, ভারত সফরে বিরাটকে সঙ্গে পাব। সেই সময় আমার হাতে ক্রিকেট ব্যাট দেখলে অবাক হওয়ার কিছু নেই। আসলে বিরাটের মতো ইতিবাচক মানুষের সঙ্গে খেলার মধ্যে এক অদ্ভুত আনন্দ আছে।’
অতীতে জকোভিচের ম্যাচ দেখতে গ্যালারিতে বারবার দেখা গিয়েছে কোহলিকে। এমনকী, নোভাককে ব্যাটিংও শিখিয়েছেন বিরাট। দু’বছর আগে অস্ট্রেলিয়ান ওপেনের আসরে ব্যাট হাতে কোর্টে নেমে পড়েছিলেন সার্বিয়ান তারকা। অজি ক্রিকেটার স্টিভ স্মিথের সঙ্গে আলাপচারিতার মধ্যেই বেশ কয়েকটি দুরন্ত শট হাঁকাতে দেখা যায় তাঁকে।