


ওয়াশিংটন, ১০ সেপ্টেম্বর: আমেরিকায় মধ্যবর্তী নির্বাচন আসন্ন। আর তার আগে মার্কিন ভোটারদের জন্য টাকার টোপ দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রিপাবলিকান দলের এক সম্মেলনে তিনি বলেন, মার্কিন কংগ্রেসের নিয়ন্ত্রণ রিপাবলিকানদের হাতে থাকলে দেশের প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিককে পাঁচ হাজার ডলার করে দেওয়া হবে। এই সম্মেলনে তিনি ঘোষণা করেন, তার দল যদি প্রতিনিধি পরিষদ এবং সেনেট দুই কক্ষের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারে তাহলে প্রত্যেক মার্কিন নাগরিককে ডিভিডেন্ট দেওয়া হবে। আর তার মূল্য ৫০০০ ডলার। শুধু অর্থ মূল্য ঘোষণাই নয় এই প্রস্তাবের নামও রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট। একে বলা হচ্ছে ট্রাম্প ডিভিডেন্ট। তবে এই ডিভিডেন্ট পাওয়ার ক্ষেত্রে একটি শর্ত রয়েছে। নাগরিকদের এই ডিভিডেন্ট থেকে প্রাপ্ত অর্থ মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যেই খরচ করতে হবে। বিদেশে গিয়ে এই টাকা খরচ করা যাবে না।
তবে ট্রাম্প এই ঘোষণা করলেও, তা আদৌ বাস্তবায়ন করা সম্ভব কিনা তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের বিপুলসংখ্যক প্রাপ্তবয়স্ক নাগরিককে ৫০০০ ডলার করে দিতে গেলে প্রয়োজন এক ট্রিলিয়ন ডলারেরও বেশি অর্থের। সেই টাকার যোগান কোথা থেকে আসবে তা নিয়ে কিছুই বলেন নি ট্রাম্প। পাশাপাশি এই ডিভিডেন্ট পাওয়ার ব্যাপারে কোন মানদণ্ড থাকবে কিনা ঘোষণা করা হয়নি তাও।
উল্লেখ্য মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দু বছর পর আমেরিকার মধ্যবর্তী নির্বাচন হয়। এই সময় কংগ্রেসের প্রতিনিধি পরিষদের সব আসন এবং সেনেটের প্রায় এক তৃতীয়াংশ আসনের জন্য ভোট হয়। নির্বাচন হতে পারে বিভিন্ন রাজ্যের গভর্নরসহ স্থানীয় পদেও।