


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যে পালাবদলের পর এটাই প্রথম দুর্গাপুজো। লেবুতলা পার্কের মতো কলকাতার হাতেগোনা দু-একটি পুজো বাদে সিংহভাগ পুজোতেই ছড়ি ঘোরাতেন তৃণমূলের নেতা-মন্ত্রীরা। পালাবদলের প্রেক্ষিতে পরিবর্তন এসেছে কলকাতার সেসব বারোয়ারি পুজো কমিটিতেও। অনেকে বলছেন, কলকাতার দুর্গাপুজোর গেরুয়াকরণ শুরু হয়েছে। সম্ভবত এই পরিবর্তিত রাজনৈতিক সমীকরণের কথা মাথায় রেখে লালবাজার অভিনব এক নির্দেশ দিয়েছে! কলকাতার সিপির নির্দেশ, পালাবদলের পর কোনো পুজো কমিটির সদস্যদের মধ্যে পুজোর দখলদারি নিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব বা বিবাদ থাকলে তা সংশ্লিষ্ট থানার ওসিকে রিপোর্টে উল্লেখ করতে হবে।’ পুজো নিয়ে স্বয়ং সিপির এই নির্দেশ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
আসন্ন দুর্গাপুজো নিয়ে কলকাতার সব থানার ওসির পাশাপাশি ডিসিদের থেকেও রিপোর্ট তলব করেছেন পুলিশ কমিশনার অজয় নন্দা। বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি লিখিত নির্দেশিকা জারি করেছেন তিনি। লালবাজারের এক সূত্র জানাচ্ছে, ওই রিপোর্টে কলকাতার সব থানার ওসিকে তাঁদের থানা এলাকায় মোট পুজোর সংখ্যা, স্পর্শকাতর কোনো পুজো থাকলে বা কোনো পুজোকে কেন্দ্র করে হালে বিতর্ক হলে তা উল্লেখ করতে হবে। পাশাপাশি, থিমের জন্য কোনো পুজোকে নিয়ে দর্শকদের বাড়তি আগ্রহ থাকলে তাও জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিটি পুজো প্যান্ডেলে দর্শকদের ঢোকা ও বেরনোর বিস্তারিত পরিকল্পনা লালবাজারকে জানাতে হবে। এছাড়াও গত বছর পুজোতে কোনো সমস্যা হয়ে থাকলে তাও রিপোর্টে উল্লেখ করতে বলা হয়েছে।