


লখনউ: গঙ্গাবক্ষে ইফতার পার্টি। এজন্য ১৪ মুসলিম যুবককে গ্রেপ্তার করল যোগীরাজ্যের পুলিশ। বারাণসীতে নৌকায় বসে ওই যুবকদের ইফতারের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় সামনে আসে। এই ঘটনা ধর্মীয় ভাবাবেগে আঘাত হেনেছে। এমনই অভিযোগ তুলে কোতোয়ালি থানার দ্বারস্থ হন বিজেপি যুব মোর্চার নেতা রজত জয়সওয়াল। এর ২৪ ঘণ্টার মধ্যেই ওই যুবকদের গ্রেপ্তার করে উত্তরপ্রদেশ পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নৌকো করে অসি ঘাট থেকে নমো ঘাট পর্যন্ত নৌকাযাত্রা করেন ওই যুবকরা। নামাজের পর সেখানেই উপবাস ভাঙেন তাঁরা। অন্য একটি ভিডিয়োতেও যুবকদের নৌকায় বিরিয়ানি খেতে দেখা গিয়েছে।
বিজেপি নেতা জয়সওয়ালের অভিযোগ, ‘গঙ্গায় প্রতিদিন লক্ষ লক্ষ সনাতন ধর্মালম্বী প্রার্থনা ও ধর্মীয় রীতিনীতি পালন করেন। সেখানে ইফতার পার্টি ও খাবারের উচ্ছিষ্ট নদীতে ফেলা নিন্দনীয় কাজ। ধর্মীয় ভাবাবেগে আঘাত করাই এর উদ্দেশ্য ছিল।’ ঘটনার ভিডিয়ো প্রমাণ হিসেবে পুলিশের কাছে জমা দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট নৌকা চালকের লাইসেন্স বাতিলের দাবিও জানিয়েছে বিজেপি।