


লন্ডন: একতরফা বললেও কম বলা হয়। আমান্দা আনিসিমোভাকে স্রেফ উড়িয়ে উইম্বলডনের মহিলা সিঙ্গলসে চ্যাম্পিয়ন ইগা সুইয়াটেক। ম্যাচের ফল ৬-০, ৬-০। খেতাবি যুদ্ধে সেট তো দূরের কথা, একটি গেমও জিততে ব্যর্থ আমেরিকার আমান্দা। এক ঘণ্টারও কম সময়ে ম্যাচ শেষ। প্রতিপক্ষের উপর কার্যত রোলার চালিয়ে দিলেন উইম্বলডনের নতুন রানি ইগা। পোলিশ তরুণী এর আগে পাঁচটি গ্র্যান্ড স্লাম জিতলেও তাতে উইম্বলডন ছিল না। ঐহিত্যশালী ঘাসের কোর্টে ঐতিহাসিক জয় স্মরণীয় করে রাখলেন ইগা। শুধু তাই নয়, ১১৪ বছর আগের স্মৃতি ফেরালেন পোলিশ তারকা। ১৯১১ সালে ঘটেছিল এমনটাই। ইউনাইটেড কিংডম অব গ্রেট ব্রিটেন অ্যান্ড আয়ারল্যান্ডের ডরোথি ল্যাম্বার্ট চেম্বার্স পরাস্ত করেন স্বদেশেরই ডোরা বুথবিকে। ম্যাচের ফল ছিল ৬-০, ৬-০। তারপর টেমস নদীর স্রোতে গড়িয়েছে অনেক জল। এবার ফাইনালে কোনও সেট না খুইয়ে ক্যাবিনেটে ট্রফি ভরলেন ইগা।
খেতাবি যুদ্ধের আগে চনমনে ছিলেন ইগা সুইয়াটেক। তবে শেষ চারে সাবালেঙ্কাকে হারিয়ে সবাইকে চমকে দেন আমান্দা। অনেকেই ভেবেছিলেন, ফাইনালে কড়া টক্কর দেবেন মার্কিনী তরুণী। কিন্তু মোক্ষম সময়ে নিজেকে চেনাতে ব্যর্থ তিনি। ইগার সার্ভ ও ভলির কোনও জবাব ছিল না তাঁর কাছে। এত সহজেই খেতাব পাবেন বোধহয় ভাবতেই পারেনি ইগা নিজেও। ম্যাচ পয়েন্ট ছিনিয়ে নিয়ে ছুটলেন গ্যালারিতে। পরিবার, কোচ, সাপোর্ট স্টাফদের আলিঙ্গনে বাধা পড়লেন ঘাসের কোর্টের রানি।