


মুম্বই, ১৮ মে: ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের পাশে দাঁড়িয়েছিল তুরস্ক। ড্রোন ও অন্যান্য অস্ত্র দিয়ে ইসলামাবাদকে সাহায্য করেছে তাঁরা। তুরস্কের দেওয়া সেই ড্রোনকেই ভারতে হামলা চালানোর কাজে লাগিয়েছে পাক সেনা। তারপর থেকেই তুরস্কের সঙ্গে সবরকম সম্পর্ক ছিন্ন করার দাবি উঠছে ভারতের অন্দরে। তুরস্কের সঙ্গে বাণিজ্য বন্ধের দাবিও জানানো হয়েছে ব্যবসায়ীদের তরফে। এমনকী ভারতীয়রা তুরস্ক ঘুরতে যাওয়ার প্ল্যান বাতিল করছেন। এই আবহে শিক্ষাক্ষেত্রেও তুরস্ক যোগ ছিন্ন করছে দেশের একাধিক শিক্ষা প্রতিষ্ঠান।
জহওরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়, জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের মতো একই পদক্ষেপ নিল আইআইটি বোম্বেও। তুরস্কের বিশ্ববিদ্যালয়গুলির সঙ্গে করা সমস্ত রকম চুক্তি আপাতত স্থগিত করল আইআইটি বোম্বে। এই বিষয়ে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে, ‘বর্তমান পরিস্থিতিতে তুরস্কের সমস্ত বিশ্ববিদ্যালয়ের সঙ্গে করা চুক্তি আপাতত স্থগিত করা হল। পরবর্তী পদক্ষেপের জন্য জারি করা হবে নির্দেশিকা।’ জাতীয় নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত বলে ওই শিক্ষা প্রতিষ্ঠান সূত্রে জানা গিয়েছে।