


মুম্বই: সাহিল ওয়াকড়ের সুবিচারের দাবিতে শুক্রবার থেকে অনশনে বসল আইআইটি বম্বের পড়ুয়ারা। গত ১৫ দিন ধরে সাহিলের সুবিচার, ডিরেক্টরের পদত্যাগ সহ মোট ১৮ দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন পড়ুয়ারা। অন্যদিকে, সাহিলের বাবা-মা মুম্বইয়ের আজাদ ময়দানে অনশন করছিলেন। কিন্তু শনি ও রবিবার সেখানে অনশনের অনুমতি দেয়নি পুলিশ। তারপরেই অসন্তোষের মাত্রা আরও বাড়ে।
গত ১৮ সেপ্টেম্বর নিজের ঘর থেকে সাহিলের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তড়িঘড়ি শিক্ষা প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বিবৃতি দিয়ে দাবি করা হয়, কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে পরীক্ষায় অসুদপায় অবলম্বন করছিলেন সাহিল। তাঁকে হাতেনাতে ধরা হলেও কোনো কড়া পদক্ষেপ নেওয়া হয়নি। এরপরেই ছাত্রদের মধ্যে দানা বাঁধে ক্ষোভ। পড়ুয়ার বাবা-মা দাবি করেছিলেন, সাহিলের জাত তুলে তাঁকে অপমান করা হয়েছিল।
এদিন আন্দোলনরত পড়ুয়ারা মিছিল করে কর্তৃপক্ষের কাছে ১৮ দফা দাবি পেশ করেন। তাঁদের মধ্যে অন্যতম স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত, ডিরেক্টর শ্রীরেশ কেন্দ্রের ইস্তফা ও অভিযুক্ত প্রফেসর সূর্যনারায়ণ দাল্লার সাসপেনশন।