


নয়াদিল্লি: ‘তুই কে রে? বাইরে বেরলে দেখে নেব। দেখব কীভাবে বেঁচে বাড়ি ফিরিস!’ এজলাসে দাঁড়িয়েই এই ভাষায় মহিলা বিচারককে হুমকি দিল এক আসামি। বিচারককে লক্ষ্য করে ভারী কিছু ছুড়েও মারে সে। দিল্লির এক আদালতের এই ঘটনায় স্তম্ভিত হয়ে যান এজলাসে উপস্থিত অন্য আইনজীবী ও কর্মীরা। গত ২ এপ্রিলের ঘটনা। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিবাঙ্গী মাঙ্গলার এজলাসে একটি চেক বাউন্সের মামলার শুনানি চলছিল। সেই মামলায় অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে শাস্তি ঘোষণা করেন বিচারক।
রায় ঘোষণার পরেই কার্যত খেপে ওঠে ওই আসামি। প্রথমে বিচারককে লক্ষ্য করে কিছু ছুড়ে দেয় সে। এরপর এজলাসেই আইনজীবীকে সে বলে, রায় বদলানোর জন্য যা দরকার, তা করা হোক। এসব চলার মধ্যে মহিলা বিচারককে খুনের হুমকিও দেয়। তার আইনজীবীর বিরুদ্ধেও বিচারকের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। বিচারক মাঙ্গলা তাঁর নির্দেশে লিখেছেন, অভিযুক্ত ও তাঁর আইনজীবী অতুল কুমার তাঁকে হুমকি দেওয়ার পাশাপাশি মানসিক ও শারীরিকভাবে হেনস্তা করেছেন। ইস্তফা দেওয়ার জন্য চাপও দেওয়া হয়। এই ঘটনায় ওই ব্যক্তির বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য জাতীয় মহিলা কমিশন ও দিল্লি মহিলা কমিশনকে নির্দেশ দিয়েছেন বিচারক। এছাড়া ওই আসামির আইনজীবীর বিরুদ্ধে কেন দিল্লি হাইকোর্টে ফৌজদারি মামলা করা হবে না, তা জানতে চেয়ে শোকজ নোটিসও পাঠানো হয়েছে।