


নয়াদিল্লি, ১৬ জুলাই: এখন কেমন আছেন সোনাম ওয়াংচুক? কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে দিল্লির যন্তরমন্তরে অনশন বিক্ষোভে শামিল হয়েছেন তিনি। আজ, বৃহস্পতিবার, তাঁর অনশন পড়ল ১৯ দিনে। স্বাভাবিকভাবে ‘র্যাঞ্চো’ সোনামের শারীরিক অবস্থা নিয়ে বাড়ছে উদ্বেগ।
এর মধ্যে সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়েছেন ‘র্যাঞ্চো’। বলেছেন, ‘আমার অবস্থা খুব ভালো না, তবে খুব খারাপও নয়।’ ককরোচ জনতা পার্টির সর্বশেষ বুলেটিন অনুযায়ী, দু’সপ্তাহেরও বেশি সময় ধরে চলা অনশনে ‘অত্যন্ত দুর্বল’ হয়ে পড়েছেন সোনাম। গত ২৪ ঘণ্টায় তাঁর ওজন কমেছে ৪০০ গ্রাম। বছর ৫৯ বয়সি এই সমাজকর্মীর শারীরিক অবস্থার উপরে সর্বক্ষণ নজর রাখছেন চিকিৎসকরা।
সূত্রের খবর, সোনামের রক্তচাপ ১০৫/৭৬। অক্সিজেন স্যাচুরেশন ৯৭ শতাংশ। যদিও কারও সাপোর্ট ছাড়া দু’পাও চলতে পারছেন না। এমনকি কোনোমতে চেয়ারে বসলেও উঠে দাঁড়ানোর সময় দু’জনের সাহায্য প্রয়োজন হচ্ছে সোনামের।
এক ভিডিও বার্তায় তাঁকে অনশন না ভাঙার জন্য অনুগামীদের কাছে আবেদন করেছেন সোনম। ২০ জুলাই ‘সংসদ চলো’র ডাক দিয়েছে ‘ককরোচ জনতা’। তাতে যোগ দেওয়ার জন্য সবার কাছে আবেদন করেছেন তিনি।
এই কর্মসূচীকে কেন্দ্র করে ক্রমেই বাড়ছে রাজনৈতিক উত্তাপ। সেখানে তৃণমূল কংগ্রেস সাংসদ সাগরিকা ঘোষ যোগ দেবেন। শামিল হতে পারেন অন্য বিরোধী দলের নেতৃত্বও। যন্তরমন্তর সহ বিস্তীর্ণ এলাকায় কড়া নিরাপত্তার বন্দোবস্ত করেছে দিল্লি পুলিশ।