


নিজস্ব প্রতিনিধি, ৩১ আগস্ট: গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন উত্তর ওড়িশা উপকূল ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর অবস্থান করছে নিম্নচাপ। নিম্নচাপটি ক্রমশ উত্তর ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এর জেরে আগামী কয়েক দিন রাজ্যজুড়ে বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার দক্ষিণবঙ্গের ছয় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং দক্ষিণ ২৪ পরগনায়। উপকূলবর্তী দুই জেলা পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে।
বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে পশ্চিমের চার জেলায়। ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায়। সঙ্গে বইতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া। পাশাপাশি বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও আগামী পাঁচ দিন বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। মঙ্গলবার ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং এবং জলপাইগুড়িতে। এছাড়াও আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং-এ ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের পাহাড়ের পাঁচ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা রয়েছে।