


নয়াদিল্লি, ৪ মার্চ: সম্প্রতি আইপিএল শুরুর আগে অধিনায়কদের বৈঠকে প্রশ্ন উঠেছিল ইম্প্যাক্ট প্লেয়ারের প্রয়োজনীয়তা নিয়ে। যারা প্রশ্ন তুলেছিলেন তাদের দলে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক অক্ষর প্যাটেলও ছিলেন। আইপিএলের প্রথম দু-ম্যাচেই অক্ষর বোধহয় সবথেকে বেশি করে বুঝতে পারছেন তার দলে ইম্প্যাক্ট সাবের গুরুত্ব কতটা। কারণ, দিল্লি নিজেদের প্রথম দু’ম্যাচই জিতল তাদের ইম্প্যাক্ট প্লেয়ার সমীর রিজভির ব্যাটে ভর করে। প্রথম ম্যাচে লখনউ-এর বিরুদ্ধে রিজভির ৭০ রানের ইনিংস দিল্লিকে দুরন্ত জয় এনে দিয়েছিল। আর আজ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে তার ৫১ বলে ৯০ রানের ইনিংস দিল্লিকে এনে দিল ৬ উইকেটে জয়। প্রথমে ব্যাট করে মুম্বই তোলে ৬ উইকেটে ১৬২ রান। মুম্বইয়ের হয়ে ৫১ রান করেন অধিনায়ক সূর্যকুমার যাদব। এছাড়া, ৩৬ করেন রোহিত এবং ২৮ রান করেন নমন ধীর। দিল্লির হয়ে ২ উইকেট নেন মুকেশ কুমার। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৭ রানে দুই উইকেট হারায় দিল্লি ক্যাপিটালস। এরপর ম্যাচের হাল ধরেন সমীর রিজভি। তৃতীয় উইকেট জুটিতে পাথুম নিশাঙ্কা এবং চতুর্থ উইকেটে মিলারকে সঙ্গে নিয়ে দিল্লিকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন রিজভি। সাতটা চার এবং সাতটা ছয়ের সাহায্যে ৯০ রান করে যখন তিনি আউট হলেন, তখন দিল্লির জয়ের জন্য দরকার আর মাত্র ১২ রান। বাকি ৩ ওভার ৪ বল। হাতে ৬ উইকেট। রিজভি ছাড়াও দিল্লির হয়ে নিশাঙ্কা করেন ৪৪ রান। মিলার অপরাজিত থাকেন ২১ রানে।