


নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: হুগলি জেলার ৬৪৩টি স্কুলে হয়েছে মাধ্যমিকের পরীক্ষাকেন্দ্র। সোমবার থেকে পরীক্ষা শুরু। তার আগে সমস্তরকম প্রস্তুতি সেরে ফেলতে তৎপরতা শুরু হয়েছে হুগলিতে। শনিবার জেলার শিক্ষা সহ অন্যান্য প্রশাসনিক দপ্তরগুলি এবং পুলিশ শেষ মুহূর্তের প্রস্তুতি পর্ব পর্যালোচনা করে। জানা গিয়েছে, স্কুলগুলি পরীক্ষা গ্রহণের জন্য তৈরি। প্রস্তুতি প্রায় শেষের দিকে। প্রশ্নপত্র নিয়ে আসা, ট্রাফিক নিয়ন্ত্রণ ইত্যাদি নিয়ে সমস্ত বিভাগ মকড্রিল করেছে। হুগলি জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায় বলেন, ‘সমস্ত প্রস্তুতি শেষ। শিক্ষার্থীদের পরীক্ষা সুষ্ঠুভাবে করতে পুলিশ, প্রশাসন, স্কুল কর্তৃপক্ষ সকলকে নিয়ে দফায় দফায় পর্যালোচনা বৈঠক হয়েছে।’ জানা গিয়েছে, এবছর ২৫ হাজার ৩৪৮ ছাত্র এবং ৩০ হাজার ২৯৯ ছাত্রী এই জেলা থেকে মাধ্যমিক দিচ্ছে। মোট ৫৫ হাজার ৬৪৭ পরীক্ষার্থী। এই সংখ্যা ২০২৫ সালের তুলনায় প্রায় তিনহাজার বেশি। পরীক্ষার্থী সংখ্যা বৃদ্ধি পাওয়ায় স্কুলের সংখ্যাও বেড়েছে। পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রী সংখ্যা প্রায় পাঁচহাজার বেশি। শিক্ষাক্ষেত্রে কন্যাশ্রী সহ একাধিক প্রকল্প চালুর ফলেই এই সংখ্যা বৃদ্ধি বলে মনে করা হচ্ছে। হুগলির বেশকিছু জায়গায় জলপথে যাতায়াত করতে হয়। প্রতিবারের মতো এবারও সেই জায়গাগুলির উপর বিশেষ নজরদারি চালানো হচ্ছে।