


নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: ধসে সিকিমের ম্যাপ থেকে কার্যত নিশ্চিহ্ন রিম্বি গ্রাম। লাগাতার বৃষ্টির জেরে গতকাল বৃহস্পতিবার রাতে পশ্চিম সিকিমের ইয়াকসাম-তাশিডিং কেন্দ্রের অন্তর্গত রিম্বি গ্রামে বড়সড় ভূমিধস হয়। আর সেই ভূমিধসের ধ্বংসাবশেষ লোকালয়ে ঢুকে পড়ায় সরকারি কোয়ার্টার সহ একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত বা সম্পূর্ণ ধ্বংস হয়েছে বলে জানা গিয়েছে। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
সিকিমের লাইফ লাইন ১০ নম্বর জাতীয় সড়কের ২০ মাইল ও বর্দাংয়ে ফের ধস। জাতীয় সড়কের ওই দুই অংশ বিপজ্জনক। এর তার জেরে সম্পূর্ণ যান চলাচল বন্ধ। পাশাপাশি সেই রাজ্যে আরও কিছু রাস্তা বন্ধ রয়েছে। অপরদিকে বৃষ্টির জেরে দার্জিলিং ও কালিম্পং জেলার কিছু জায়গাতেও ধস নেমেছে। গাছ পড়ে যাওয়ায় কালিম্পংয়ে ১০ নম্বর জাতীয় সড়কের একাংশ বন্ধ রয়েছে বলে জানা গিয়েছে।