


দুবাই: মহিলাদের টি-২০ এশিয়া কাপের ফাইনালে ভারত। বৃহস্পতিবার সেমি-ফাইনালে বাংলাদেশকে ৪০ রানে হারালেন হরমনপ্রীত কাউররা। প্রথমে ব্যাট করে টিম ইন্ডিয়া ৬ উইকেটে তুলেছিল ১৪৯ রান। জবাবে ৭ উইকেটে ১০৯ রানে আটকে যায় বাংলাদেশ। প্রত্যাশিতভাবে ফাইনালে পৌঁছালেও ব্যাটিং নিয়ে ভারতের চিন্তা দূর হল না। টুর্নামেন্টের শুরু থেকেই মিডল অর্ডারে চলছিল রানের খরা। ওপেনিংয়ে স্মৃতি মান্ধানা ও শেফালি ভার্মার ব্যাটে ভর করে একের পর এক হার্ডল টপকেছিল ভারতীয় দল। এদিন সেমি-ফাইনালেও চাপের মুখে দলকে টানলেন শেফালি। ৪০ বলে ৬৪ রানের অনবদ্য ইনিংস উপহার দেন তিনি। কিছুটা সঙ্গত করেছেন প্রতীকা (২০), হরমনপ্রীত (২৪ নট আউট) ও রিচা ঘোষ (২১)।
চলতি আসরে ব্যাট হাতে দুরন্ত ছন্দে স্মৃতি মান্ধানা। গ্রুপ পর্বে তিন ম্যাচে তাঁর সংগ্রহ ১৫২ রান। বৃহস্পতিবার সেমি-ফাইনালে অবশ্য শুরুতেই উইকেট ছুড়ে দিয়ে আসেন এই বাঁ হাতি ওপেনার। ইনিংসের দ্বিতীয় ওভারে মাত্র ২ রানে ডাগ-আউটে ফেরেন তিনি। প্রাথমিক ধাক্কা সামলে প্রতীকাকে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নিয়ে যান শেফালি। দ্বিতীয় উইকেটে ৫০ রানের পার্টনারশিপ গড়েন তাঁরা। ২৪ বলে ২০ রান করে ফেরেন প্রতীকা। এরপর চার নম্বরে নেমে শুরুটা বেশ মন্থর করেন ক্যাপ্টেন হরমনপ্রীত। শেষ পর্যন্ত ২৪ রানে অপরাজিত থাকেন তিনি। তবে শেফালি ছিলেন চেনা মেজাজেই। ৩৫ বলে অর্ধশতরান পূর্ণ করেন তিনি। শেষ পর্যন্ত ৪০ বলে ৬৪ রানে থামে তাঁর ইনিংস। এরপর ১৬ বলে ঝোড়ো ২১ রান করেন বাংলার রিচা।
জবাবে বাংলাদেশ ইনিংসের প্রথম ওভারেই ক্যাচ ফেলেন স্মৃতি। সেই সুযোগ কাজে লাগিয়ে ওপেনিং জুটিতে ২৬ রান তোলে পদ্মাপারের দলটি। তবে এরপর নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে চাপে পড়ে যায় তারা। বাংলাদেশের হয়ে সর্বাধিক ২২ রান করেন শোরনা আখতার। ওপেনার দিলারা আখতারের সংগ্রহ ২১। ভারতীয় বোলারদের মধ্যে দীপ্তি শর্মা ২৬ রানে ৩টি উইকেট নেন। এছাড়া জোড়া শিকার নন্দানী শর্মার।