


নয়াদিল্লি: ইরান-আমেরিকা সংঘাতের জেরে দীর্ঘদিন অবরুদ্ধ ছিল হরমুজ প্রণালী। সম্প্রতি শান্তিচুক্তি নিয়ে আলোচনা শুরু করেছে দু’পক্ষ। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে হরমুজ। তবে অনিশ্চয়তা এখনও কাটেনি। এই পরিস্থিতিতে চলতি মাসে রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনা অনেকটাই বৃদ্ধি করেছে ভারত। সংযুক্ত আরব আমিরশাহি থেকেও প্রায় রেকর্ড পরিমাণ ব্রেন্ট ক্রুড কিনেছে নয়াদিল্লি। এমনটাই দাবি করেছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা।
নজরদারি সংস্থা কেপলারের তথ্য অনুযায়ী, বর্তমানে রাশিয়া থেকে সবথেকে বেশি অপরিশোধিত তেল ক্রয় করে ভারত। ১৯ জুন পর্যন্ত মস্কো থেকে দিনে ২৬ লক্ষ ৬০ হাজার ব্যারেল তেল নিয়েছে ভারত। মে মাসে ১৯ লক্ষ ১০ হাজার ব্যারেল কেনা হতো। অন্যদিকে সংযুক্ত আরব আমিরশাহি থেকে দিনে ৬ লক্ষা ৩৬ হাজার ব্যারেল নেওয়া হয়েছে। পিছিয়ে নেই ভেনেজুয়েলা ও সৌদি আরব। দুই দেশ থেকে যথাক্রমে ২ লক্ষ ৯ হাজার ও ৩ লক্ষ ৮৪ হাজার ব্যারেল অপরিশোধিত তেল কিনেছে নয়াদিল্লি।
মূলত উপসাগরীয় অঞ্চল থেকেই অপরিশোধিত তেল. এলপিজি ও এলএনজি কেনে ভারত। হরমুজ প্রণালী দিয়েই তা সরবরাহ করা হয়। আমেরিকা-ইজরায়েল হামলা করার সঙ্গে সঙ্গে হরমুজ বন্ধ করে দেয় ইরান। এই অবস্থায় বিকল্প পথ খুঁজতে বাধ্য হয়েছে ভারত। গত সপ্তাহে যুদ্ধবিরতিতে রাজি হয় ওয়াশিংটন-তেহরান। এর ফলে হরমুজ দিয়ে যাতায়াত শুরু করেছে জাহাজগুলি। তবে সংকট এখনও কাটেনি।হরমুজ কতদিন খোলা থাকবে তা স্পষ্ট নয়।