


নয়াদিল্লি, ১২ আগস্ট: চীনের সঙ্গে সম্পর্ক মসৃণ হচ্ছে নয়াদিল্লির? বিগত কয়েকদিনে বেজিং ও নয়াদিল্লির একাধিক পদক্ষেপ তেমনটাই ইঙ্গিত দিচ্ছে। কখনও চীনা নাগরিকদের ভারতে আসার জন্য ছাড়পত্র। আবার দীর্ঘদিন ধরে বন্ধ রাখা কৈলাস মানস সরোবর যাত্রা শুরু করা। সঙ্গে দীর্ঘদিন বাদে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চীন সফর। এইসবই ইঙ্গিত দিচ্ছে তিক্ততার সম্পর্ক ভুলে ভারত ও চীন এখন কাছাকাছি আসার চেষ্টা করছে। তার মধ্যেই আজ, মঙ্গলবার কেন্দ্রীয় সরকার ভারতের কয়েকটি উড়ান সংস্থাকে বিশেষ নির্দেশ দিয়েছে।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, আগামী সেপ্টেম্বর মাস থেকে ভারত-চীন সরাসরি উড়ান পরিষেবা চালানোর জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে দেশের প্রথম সারির কয়েকটি এয়ারলাইন্সকে। যার মধ্যে রয়েছে এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো। সূত্রের খবর, কেন্দ্রীয় সরকার এই সমস্ত এয়ারলাইন্সকে বলেছে যে কোনও মুহূর্তে চীন পর্যন্ত সরাসরি পরিষেবা দিতে হতে পারে। সেই জন্য প্রস্তুত থাকতে হবে। করোনা অতিমারির সময় থেকেই ভারত ও চীনের মধ্যে সরাসরি উড়ান পরিষেবা বন্ধ ছিল। তারপরেই গালওয়ান ভ্যালিতে ২০২০ সালের জুনে ভারত ও চীনের সেনাদের মধ্যে হাতাহাতি ও অশান্তি, দুই দেশের সম্পর্ক নষ্ট করে। যদিও সেই ঘটনার পর দুই দেশের প্রতিনিধিদের মধ্যে একাধিক বৈঠক হয়। ধীরে ধীরে বরফ গলতে থাকে নয়াদিল্লি ও বেজিংয়ের মধ্যে। তার মাঝেই আমেরিকার নতুন শুল্ক নীতি আরও কাছাকাছি আসতে সাহায্য করছে ভারত ও চীনকে। যার ফলস্বরূপ এইসমস্ত পদক্ষেপগুলি নেওয়া হচ্ছে। এমনটাই মত ওয়াকিবহল মহলের।