


নাগোয়া: অব্যবস্থা নিয়ে হাজারো বিতর্কের মধ্যেই শনিবার আনুষ্ঠানিকভাবে শুরু হল ২০তম এশিয়ান গেমস। জমজমাট উদ্বোধনী অনুষ্ঠানে জাপান তুলে ধরল প্রযুক্তিগত উৎকর্ষের সঙ্গে সংস্কৃতির মেলবন্ধন। দু’ঘণ্টার এই অনুষ্ঠানে ভারতের জাতীয় পতাকা হাতে হাঁটলেন প্যারিস ওলিম্পিকস শুটিংয়ে জোড়া পদকজয়ী মানু ভাকের এবং কবাডি খেলোয়াড় পবন শেরাওয়াত। নেভি ব্লু শাড়ি ও গলাবন্ধ জ্যাকেট পরেছিলেন মানু সহ ভারতের অন্য মহিলা ক্রীড়াবিদরা। আর পুরুষদের পরনে গলাবন্ধ জ্যাকেটের সঙ্গে ছিল মানানসই ট্রাইজার।
উদ্বোধনী অনুষ্ঠানে মানুর সঙ্গী পতাকা বাহক হওয়ার কথা ছিল শটপাটার তেজিন্দারপাল সিং তুরের। কিন্তু তাঁর কিটব্যাগ সময়মতো নাগোয়ায় এসে পৌঁছায়নি। তাই সরে দাঁড়াতে বাধ্য হন তেজিন্দারপাল। পরিবর্তে সেই সম্মান পান পবন শেরাওয়াত। অবশ্য শুধুমাত্র তেজিন্দারপাল নন, অনেক ভারতীয় ক্রীড়াবিদেরই কিটব্যাগ পৌঁছোতে দেরি হয়েছে। তবে যাবতীয় প্রতিবন্ধকতা ভুলে গেমসে নিজেদের সেরাটা উজাড় করে দেওয়ার ডাক দিয়েছেন মানু। এক ভিডিয়ো বার্তায় ভারতীয় ক্রীড়াবিদদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘যত সমস্যাই থাক না কেন, এশিয়ান গেমসে নামার সৌভাগ্য জীবনে বারবার আসে না। সেই সুযোগকে কাজে লাগানো জরুরি। কোনো অভিযোগ না করে আমরা যেন এই সময়টা উপভোগ করতে পারি। সবাই নিজেদের মতো করে সেরা প্রস্তুতি নিয়েছি। তার সফল প্রতিফলন ঘটানোই হোক আগামী কয়েকদিনের একমাত্র লক্ষ্য। পদক আসুক বা না আসুক, সকলে যেন সেরা পারফরম্যান্স করতে পারি।’ উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় পতাকা বহন করার সুযোগ পেয়ে তিনি গর্বিত বলেও জানান মানু।
১৫ দিনের এই আসরে মোট ৪১টি খেলায় অংশ নিচ্ছেন ৪৫টি দেশের প্রায় ১১হাজার ক্রীড়াবিদ। বিভিন্ন ইভেন্ট ও বিভাগ মিলিয়ে থাকছে ৪৬৯টি সোনা। ভারত এই আসরে অংশ নেবে ৩৬টি খেলায়। প্রতিযোগীর সংখ্যা ৫০১। তার মধ্যে রবিবারই শুটিংয়ে নেমে পড়ছেন মানু। এটা তাঁর তৃতীয় এশিয়ান গেমস। কিন্তু সোনা আসেনি একবারও। ভারতের সাফল্য অনেকাংশে নির্ভর করছে শুটারদের পারফরম্যান্সের উপর। পাশাপাশি বক্সিং, কুস্তি, ব্যাডমিন্টন এবং অ্যাথলেটিকসে ভালো ফলের প্রত্যাশা থাকবে। ক্রিকেটে জোড়া সোনা জয়ের হাতছানি শ্রেয়স আয়ার, হরমনপ্রীত কাউরদের সামনে। পদকের জোরালো দাবিদার ভারতীয় হকি দলও।