


নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মোদি সরকারের অন্যতম স্লোগান হল, আত্মনির্ভর ভারত। এই সরকারের অন্যতম লক্ষ্যই হল, ‘মেক ইন ইন্ডিয়া’। এবার তা নিয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশে প্রবল তোপ দাগলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। রাহুলের তীব্র কটাক্ষ, আমরা ‘অ্যাসেম্বল’ করছি। কিন্তু তার থেকে ফায়দা লুটে নিয়ে চলে যাচ্ছে চীন। মোদিজি শুধুমাত্র আকর্ষণীয় স্লোগান আত্মস্থ করেছেন। কোনও সমস্যার সুরাহা খুঁজে বের করতে পারেননি। এরই পাশাপাশি দেশের ক্রমবর্ধমান বেকারত্ব নিয়েও প্রধানমন্ত্রীকে তুলোধনা করেছেন লোকসভার বিরোধী দলনেতা। শনিবার রাহুল টুইটে অভিযোগ করেছেন, মেক ইন ইন্ডিয়ার ফলে কলকারখানায় ব্যাপক উৎপাদন হবে বলা হয়েছিল। তাহলে উৎপাদন রেকর্ড হারে হ্রাসপ্রাপ্ত হয়েছে কেন? দেশে বেকারত্বই রেকর্ড বৃদ্ধি হয়েছে কেন? কেন চীন থেকে আমদানির পরিমাণ দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে? ২০১৪ সাল থেকে উৎপাদন প্রায় ১৪ শতাংশে নেমে গিয়েছে। টুইটে রাহুল লিখেছেন, আমরা ‘অ্যাসেম্বল’ করি, আমরা আমদানি করি, কিন্তু আমরা কিছুই তৈরি করি না। চীন যাবতীয় ফায়দা লুটে নিয়ে চলে যায়। রাহুলের অভিযোগ, কোনও নতুন আইডিয়া নেই। মোদিজি সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করেছেন। যা নিয়ে
এত ঢাকঢোল পেটানো হল, সেই পিএলআই স্কিমই চুপিসারে প্রত্যাহার করে নেওয়া হচ্ছে।
পাল্টা সরব হয়েছে বিজেপি। দলের নেতা বিষ্ণুবর্ধন রেড্ডির কটাক্ষ, বরাবরের মতোই মিথ্যে কথা বলছেন রাহুল গান্ধী। তাঁর টুইট আদতে মিথ্যে, নাটকীয়তা এবং তথ্যভ্রান্তিতে ভরপুর।