


আমস্টেলভিন: দীর্ঘ ১৬ বছর পর হকি বিশ্বকাপে ফের ভারত-পাকিস্তান মহারণ! বুধবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে সম্মুখ সমরে নামছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ। ২০১০ সালে রাজপাল সিংয়ের নেতৃত্বে ৪-১ ব্যবধানে পাক বধ করেছিল ভারত। চলতি বিশ্বকাপেও সেই ধারা বজার রাখতে মরিয়া হরমনপ্রীত সিংরা। তবে জয় দিয়ে অভিযান শুরু করলেও গত ম্যাচে হোঁচট খেয়েছে টিম ইন্ডিয়া। পক্ষান্তরে, পাকিস্তান এখনও জয়ের মুখই দেখেনি। ইংল্যান্ডের কাছে হারের পর ওয়েলসের বিরুদ্ধে ড্র করে তারা। ফলে পরবর্তী রাউন্ডের টিকিট নিশ্চিত করতে বুধবার দু’দলের কাছেই কার্যত মরণ-বাঁচন লড়াই। হরমনপ্রীতদের অবশ্য ড্র করলেই চলবে। দুই ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে পুল ডি’তে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। সমসংখ্যক ম্যাচে ১ পয়েন্ট নিয়ে পাকিস্তান ধুঁকছে চতুর্থ স্থানে। তাই পাক-ব্রিগেডের কাছে জেতা ছাড়া অন্য বিকল্প নেই।
গত ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে শুরুটা ভালোই করেছিল ভারত। বিরতিতে ২-১ ব্যবধানে লিডও নেয়। তবে শেষ দুই কোয়ার্টারে রক্ষণের দুর্বলতায় ভরাডুবি ফুলটন-ব্রিগেডের। পাশাপাশি, ম্যাচে একাধিক পেনাল্টি কর্নার পেয়েও তা কাজে লাগাতে ব্যর্থ ভারতীয় ড্র্যাগ ফ্লিকাররা। বলার অপেক্ষা রাখে না, রক্ষণ থেকে আপফ্রন্ট— সব বিভাগেই নজর দিতে হবে ভারতীয় কোচ ক্রেগ ফুলটনকে। তবে পাকিস্তান অতীতের গরিমা হারিয়েছে। খাতায় কলমে এই ম্যাচে তাই ভারতই ফেভারিট। পরিসংখ্যান বলছে, শেষ এক দশকে পাকিস্তানের বিরুদ্ধে কখনো হারেনি টিম ইন্ডিয়া। চলতি বছরেই প্রো লিগে ৭-১ ও ৪-৩ ব্যবধানে জয় পায় তারা। দলের অন্যতম অভিজ্ঞ খেলোয়াড় মনপ্রীত অবশ্য পাকিস্তানকে হালকাভাবে নিতে নারাজ। তাঁর কথায়, ‘পাকিস্তানের বিরুদ্ধে লড়াই সবসময় আলাদা। অন্য ম্যাচের সঙ্গে এর কোনো তুলনা হয় না। শেষ কয়েকটি সাক্ষাতে অবশ্য আমরাই দাপট দেখিয়েছি। তাই বলে বিপক্ষকে হালকাভাবে নেওয়ার জায়গা নেই।’
গত কয়েক বছর ধরেই ভারত-পাক মহারণ এক আলাদা মাত্রা পেয়েছে। বিশেষত ক্রিকেট মাঠে প্রতিপক্ষের সঙ্গে ভারতীয়দের হাত না মেলানোর ইস্যুতে রাজনৈতিক তরজা চলছেই। হকিতেও হরমনপ্রীতরা সেই ধারা বজায় রাখবেন কিনা, সেটাই দেখার। পাক অধিনায়ক আবু বাকার মাহমুদ অবশ্য এসব নিয়ে মাথা ঘামাতে নারাজ। বরং প্রথম দু’ম্যাচে দলের দুর্বল জায়গাগুলি শুধরে ভারতের বিরুদ্ধে জয়ের জন্য ঝাঁপাতে চাইছেন তাঁরা। উল্লেখ্য, ২০১৬ সালে চ্যাম্পিয়ন্স লিগের আসরে শেষবার ভারতের বিরুদ্ধে জয় পেয়েছিল পাকিস্তান। বিশ্বকাপের আসরে তার পুনরাবৃত্তি চাইছেন আবু বাকেররা।
ম্যাচ শুরু সন্ধ্যা ৬-৩০ মিনিটে। সম্প্রচার স্টার স্পোর্টস ও জিওহটস্টারে।