


নয়াদিল্লি: সীমান্তে অনুপ্রবেশ রুখতে এবার হাতিয়ার প্রযুক্তি। ৫২টি ডিফেন্স স্যাটেলাইট উৎক্ষেপণের উদ্যোগ নিল ভারত। ব্যয় হবে ২৬ হাজার ৯৬৮ কোটি টাকা। এই কৃত্রিম উপগ্রহগুলির সাহায্যে রিয়েল টাইমে ছবি পাবে ভারতীয় সেনা। ফলে চীন, পাকিস্তান ছাড়াও ভারত মহাসাগরে নজরদারি মজবুত হবে । ২০২৯ সালের মধ্যে ধাপে ধাপে এই স্যাটেলাইটগুলি উৎক্ষেপণ সম্পূর্ণ হবে। এব্যাপারে ইসরোর পাশাপাশি দায়িত্বে থাকবে তিন বেসরকারি সংস্থাও। মহাকাশ নজরদারিতে ক্রমাগতই শক্তি বাড়াচ্ছে চীন। বেজিংয়ের একের পর এক স্যাটেলাইট উৎক্ষেপণে বিপদ দেখছে ভারত। এই পরিস্থিতিতে নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ ভারতের সামগ্রিক নিরাপত্তার জন্য ইতিবাচক পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।
জানা যাচ্ছে, মোট ৫২টি ডিফেন্স স্যাটেলাইটের মধ্যে ২১টি উৎক্ষেপণ করবে ইসরো। বাকি ৩১টি উৎক্ষেপণের দায়িত্বে রয়েছে তিনটি বেসরকারি সংস্থা। ২০২৬ থেকে ২০২৯ সালের মধ্যেই স্যাটেলাইটগুলি উৎক্ষেপণের টার্গেট নেওয়া হয়েছে। এই কৃত্রিম উপগ্রহগুলির সাহায্যে প্রায় তাৎক্ষণিকভাবে আরও ঝকঝকে ছবি পাবে ভারতীয় সেনা, নৌবাহিনী ও বিমান বাহিনী।