


পোখরা: চলতি বছরেই চীনে আয়োজিত অনূর্ধ্ব-১৭ এএফসি ফুটবল চ্যাম্পিয়নশিপের মূলপর্বে অংশগ্রহণ করবে ভারতীয় মহিলা দল। তারই প্রস্তুতিতে অনূর্ধ্ব-১৯ স্যাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের ঝালিয়ে নিতে চেয়েছিলেন ভারতীয় দলের কোচ পামেলা কোন্তি। টুর্নামেন্টের প্রথম ম্যাচে আয়োজক দেশ নেপালের বিরুদ্ধে ১-০ গোলে জিতে মাঠ ছাড়ে ভারতীয় প্রমীলা ব্রিগেড। তবে দ্বিতীয় ম্যাচেই হোঁচট খেল তারা। সোমবার বাংলাদেশের কাছে ০-২ গোলে বশ মানল ঝুলন-এলিজাবেথরা। সেই সঙ্গে কঠিন হল ফাইনালের পথ। আপাতত দু’টি ম্যাচে তিন পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ভারতীয় মহিলা দল। গ্রুপের শেষ ম্যাচে ভুটানের মুখোমুখি হবে তারা। সেই ম্যাচে বড় ব্যবধানে জয়ের পাশাপাশি অপর ম্যাচের ফলের দিকেও তাকিয়ে থাকতে হবে পামেলা কোন্তির মেয়েদের। উল্লেখ্য, সোমবার পদ্মাপাড়ের দেশটির হয়ে জাল কাঁপান অর্পিতা বিশ্বাস ও আলপি আখতার।