


মুম্বই: মহিলাদের টি-২০ বিশ্বকাপ শুরু আগামী জুনে। বিশ্বকাপের আয়োজক ইংল্যান্ড ও ওয়েলস। সেজন্য শনিবারই ভারতীয় দল ঘোষণা করল বোর্ড। প্রথমবার জাতীয় দলে সুযোগ পেলেন নন্দিনী শর্মা। মহিলাদের আইপিএলে দিল্লির হয়ে ১৭টি উইকেট নিয়েছিলেন ডানহাতি পেসার। শুধু তাই নয়, সোফিয়া ডিভাইনের সঙ্গে যৌথভাবে সর্বাধিক উইকেট সংগ্রাহকও তিনি। বিশেষজ্ঞদের ধারণা ২৪ বছর বয়সির বৈচিত্র্য রান আটকানোর ক্ষেত্রে কার্যকর হয়ে উঠতে পারে। অলরাউন্ডার রাধা যাদব ও উইকেটকিপার ব্যাটার যস্তিকা ভাটিয়াও স্কোয়াডে রয়েছেন। বিশ্বকাপে বাংলার প্রতিনিধি শিলিগুড়ির রিচা ঘোষ। টি-২০ ফরম্যাটে আক্রমণাত্মক ব্যাটার রিচার গুরুত্বপূর্ণ ভূমিকা নিতেই পারেন। তবে স্কোয়াডে অনুপস্থিত প্রতীকা রাওয়াল, আমনজ্যোৎ কাউর, হরলিন দেওলরা। উল্লেখ্য, গ্রুপে ভারতের প্রথম প্রতিপক্ষ পাকিস্তান। ১৪ জুন চিরপ্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে ম্যাচ।
এই নিয়ে বিশ্বকাপে পঞ্চমবার জাতীয় দলকে নেতৃত্ব দেবেন হরমনপ্রীত সিং। বিশ্বকাপজয়ী ওডিআই দলের ক্যাপ্টেন ছিলেন তিনিই। জেমাইমা, স্মৃতিদের লড়াই সমর্থকদের হৃদয়ে এখনও টাটকা। এবার কুড়ি-কুড়ির খেতাব জিততেও বদ্ধপরিকর হরমনপ্রীত। বিশ্বকাপের আগে ইংল্যান্ডের বিরুদ্ধে ৩ ম্যাচের টি-২০ সিরিজ খেলবে ভারতীয় দল।