


ভোপাল: একদিকে বারংবার ভারত-পাকিস্তান যুদ্ধ থামানোর ‘কৃতিত্ব’ দাবি আর অন্যদিকে পান থেকে চুন খসলেই শুল্কবৃদ্ধি! মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে রীতিমতো অস্বস্তিতে দিল্লি। এরইমাঝে রবিবার মধ্যপ্রদেশের এক অনুষ্ঠান থেকে নাম না করে ট্রাম্পকে আক্রমণ শানালেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন, ‘কিছু মানুষ আছেন। নিজেকে সবার বস ভাবেন। তাঁরা কিছুতেই ভারতের এই উন্নতি মেনে নিতে পারছেন না।’
এদিন মধ্যপ্রদেশের রাইসেন জেলায় ভারত আর্থ মোভার্স লিমিটেডের (বিইএমএল) এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন প্রতিরক্ষা মন্ত্রী। সেখানেই আমেরিকার শুল্কবৃদ্ধি, পহেলগাঁও হামলা সহ একাধিক বিষয়ে বক্তব্য রাখেন তিনি। রাজনাথ সিংয়ের কথায়, ‘আসলে কিছু মানুষ ভারতের উন্নতি সহ্য করতে পারছেন না। তাঁরা ভাবেন, সবকা বস (দণ্ডমুণ্ডের কর্তা) তো আমরাই। তাহলে ভারত এত তাড়াতাড়ি এগোচ্ছে কীভাবে? অনেকেই ভারতীয় পণ্যের দাম বাড়িয়ে দিতে চাইছে। যাতে রপ্তানিতে বেগ পেতে হয়। বিদেশে ভারতীয় পণ্যের বাজার নষ্ট হয়ে যায়। কিন্তু আমি আপনাদের আশ্বস্ত করছি, বিশ্বের কোনও শক্তি আমাদের আটকাতে পারবে না। ভারত দ্রুত ‘সুপার পাওয়ার’-এ পরিণত হবে।’ পহেলগাঁও হামলা নিয়ে রাজনাথের সাফ জবাব - ভারত সর্বদা শান্তির পক্ষে। তবে কেউ উস্কানি দিলে ছেড়ে কথা বলবে না।