


বেঙ্গালুরু: ১২ জুন দুপুরে ‘মে ডে’ শব্দটির নতুন অর্থ জেনেছিলেন বহু ভারতীয়। কিন্তু তারপর থেকেই এই শব্দে আতঙ্কিত হয়ে উঠছে দেশবাসী। কারণ বিমান পরিষেবার পরিভাষায় মে ডে-র অর্থ ‘বিপদ সংকেত’ । ফরাসি শব্দ ‘মেইডার’ থেকে মে’ডে শব্দটির উৎপত্তি। এর অর্থ ‘আমাকে সাহায্য করুন’।
১২ জুন আমেদাবাদে ঘটে যাওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনার ঠিক কয়েক সেকেন্ড আগে এই ‘মে ডে’ই কল করেছিলেন পাইলট। ঘটনার ৭ দিনের মাথায় ফের আর এক পাইলট কল করলেন ‘মে ডে’। এরপরই বেঙ্গালুরুর এয়ারপোর্টে ইমার্জেন্সি ল্যান্ডিং করে ইন্ডিগোর গুয়াহাটি-চেন্নাইগামী বিমান। গত বৃহস্পতিবার এই ঘটনা ঘটলেও, শনিবার বিষয়টি সূত্র মারফত সামনে এসেছে।
সূত্রের তরফে দাবি করা হয়েছে, পর্যাপ্ত পরিমাণে জ্বালানি না থাকায় পাইলট ‘মে ডে’ কল করে বিমানটিকে ইমার্জেন্সি ল্যান্ডিংয়ে বাধ্য হন। জরুরি অবতরণের সময় বিমানে ১৬৮ জন যাত্রী ছিল। ইমার্জেন্সি ল্যান্ডিং ঘটলেও, বড় কোনও বিপত্তি ঘটেনি। সুরক্ষিত ছিলেন যাত্রীরা।