


চণ্ডীগড়: দোকানের সামনে বসে আড্ডা মারছিলেন চারজন। রবিবার পাঞ্জাবের মোগার অঙ্গদপুরা এলাকায় আচমকা তাঁদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় দুষ্কৃতীরা। আহত হন চারজনই। তড়িঘড়ি তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে দু’জনের। তাঁরা একই পরিবারের সদস্য বলে জানিয়েছে পুলিশ। জানা গিয়েছে, মৃতদের নাম গগন জিন্দাল (৩০) এবং সাহিল জিন্দাল (৪০)। বাকি দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর। তাঁদের শরীরের বিভিন্ন অংশে গুলি লেগেছে। পুলিশ জানিয়েছে, রবিবার দোকানে বসে কথা বলছিলেন তাঁরা। সেই সময় কালো এসইউভি চেপে আসে দুষ্কৃতীরা। তারপর আচমকা গুলি ছুড়তে শুরু করে। একজনের মাথায়, একজনের হাতে ও দু’জনের পেটে গুলি লাগে। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, পুরানো শত্রুতার জেরে এই হামলা। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। কারা এই হামলার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা।