


নয়াদিল্লি: ১০০ দিন পেরিয়েও পশ্চিম এশিয়ায় অশান্তি অব্যাহত। হরমুজ নিয়েও জট কাটেনি। বিশ্বজুড়ে এই জ্বালানি সংকটের মাঝে বৃহস্পতিবার একটি নির্দেশিকা জারি করল কেন্দ্র। এবার সাধারণ পেট্রল পাম্প (রিটেল আউটলেট) থেকে আর পেট্রল-ডিজেল কিনতে পারবে না শিল্প ও বাণিজ্য সংস্থাগুলি। অর্থাৎ ব্যবসার ক্ষেত্রে ব্যবহারের জন্য বিপুল পরিমাণ জ্বালানি আর পাম্প থেকে কেনা যাবে না। শুধুমাত্র খুচরো ক্রেতারাই পেট্রল পাম্প থেকে তেল কিনতে পারবেন। জানা গিয়েছে, বাল্ক ইউজার্স তথা এই বাণিজ্য সংস্থাগুলি নিজেদের পকেট বাঁচাতে পাইকারি কনজিউমার পাম্প ছেড়ে সাধারণ পেট্রল পাম্পে হাজির হচ্ছেন। এর জেরে স্থানীয় বাজারে পেট্রল-ডিজেলের অস্বাভাবিক চাহিদা বাড়ছে। কোথাও সরবরাহে ঘাটতি দেখা দিচ্ছে। সেকথা বিবেচনা করেই পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের তরফে ৯০ দিনের জন্য এই নির্দেশিকা জারি করা হয়েছে। পাশাপাশি ডিজেল বিক্রিতেও লাগাম টানা হয়েছে। এখন থেকে দৈনিক প্রতি গাড়ির জন্য সর্বোচ্চ ২০০ লিটার ডিজেল বিক্রি করা যাবে।
সম্প্রতি একটি বিষয় নজরে এসেছে। খুচরো গ্রাহকদের পরিবর্তে বড়ো ব্যবসায়ীরা সাধারণ পাম্পে হাজির হচ্ছেন। আর প্রচুর পরিমাণে তেল কিনছেন। দামের ফারাকের জেরেই এই ঘটনা। ফলে অস্বাভাবিকভাবে তেলের চাহিদা বাড়ছে। নির্দেশিকায় ডিজেল বিক্রির ক্ষেত্রেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এক্ষেত্রে শুধুমাত্র যানবাহনের জ্বালানি ট্যাঙ্ক বা পেট্রোলিয়াম অ্যান্ড এক্সপ্লোসিভস সেফটি অর্গানাইজেশন অনুমোদিত কন্টেনারে ডিজেল ভরা যাবে। তবে দিনে যানবাহন প্রতি সর্বোচ্চ ২০০ লিটার পর্যন্ত তেল বিক্রি করা যাবে।