


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: টাটাদের সঙ্গেই বাংলা থেকে পাততাড়ি গোটানো সব শিল্প সংস্থাকেই ফেরাতে চান শিল্পমন্ত্রী তাপস রায়। বুধবার প্রথমবার নিজের দপ্তরে এসে এমনই জানালেন তিনি। এদিন তিনি বলেন, আমাদের প্রধান লক্ষ্য শিল্প নিয়ে বাংলার পুরানো গরিমা ফেরানো এবং বিনিয়োগ নিয়ে আসা। এরাজ্যে বিজেপি সরকার একমাস ক্ষমতায় আসার পরই শিল্পমহলের কাছে বার্তা গিয়েছে, এখানে শিল্পবান্ধব পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা বাস্তবে সেই লগ্নি এখানে আনব। এর আগে বণিকসভার অনুষ্ঠানে রাজ্য বিজেপি সভাপতি এবং সাংসদ শমীক ভট্টাচার্য দাবি করেন, তাঁরা টাটাদের ফেরানোর জন্য সবরকম চেষ্টা করবেন। তাপসবাবু এদিন আরো স্পষ্টভাবে বলেন, টাটা অনেক বড়ো সংস্থা। তারা যে শুধু গাড়ির ব্যবসা করে, তা নয়। সিঙ্গুরেই টাটাদের ফেরাতে হবে, এমন ব্যাপার নেই। টাটাদের মতো সংস্থা এরাজ্যে বিনিয়োগ আনবে, এটাই আমরা চাই। যেহেতু তারা একটি নামজাদা সংস্থা, তাই বাংলায় তারা ফিরলে, দেশে এবং দেশের বাইরে সদর্থক বার্তা যাবে।
তাপসবাবুর হিসেব, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে এরাজ্য থেকে ৬ হাজার ৬৮৮টি সংস্থা চলে গিয়েছে। তারা যাতে আবারও ফেরে, তার উদ্যোগ নেওয়া হবে। যারা এখান থেকে লগ্নি গোটানোর চেষ্টা করছিল, তাদেরও ধরে রাখার চেষ্টা করা হবে।
এদিন শিল্পমন্ত্রী বুঝিয়ে দিয়েছেন, তাঁরা জমি অধিগ্রহণ থেকে শুরু করে শিল্প সংক্রান্ত ইনসেন্টিভ—সব বিষয়েই উদ্যোগ শুরু করবেন। প্রয়োজনে ফের শিল্পসম্মেলনও হবে। মমতার আমলে যে শিল্প সম্মেলনগুলি হয়েছে, সেগুলি আদতে লোক দেখানো, এমনটাই মত শিল্পমন্ত্রীর। তিনি বলেন,শুধুই কিছু ঘোষণা হয়েছে। কাজের কাজ কিছুই হয়নি। সরকারের ঘোষণা এবং লগ্নির বাস্তবায়ন কতটা হয়েছে, সেই বিষয়ে শ্বেতপত্র সামনে আনা হতে পারে বলেও জানিয়েছেন তাপসবাবু। তিনি বলেন, বাংলায় শিল্প ফেরানোই আমাদের চ্যালেঞ্জ। আগের সরকার শিল্পও করতে পারেনি, কৃষিও হয়নি। আমরা দুটোই করে দেখাব। - নিজস্ব চিত্র