


জুরিখ: ফিফা প্রেসিডেন্ট ইনফানতিনোর পিছু ছাড়ছে না বিতর্ক। এবার তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠল, সংস্থার কোষাগার থেকে প্রেমিকাকে বিপুল পরিমাণ অর্থ পাইয়ে দেওয়ার। ইংল্যান্ডের এক সংবাদমাধ্যমের খবর, উয়েফার সচিব থাকাকালীন সেখানকার এক কর্মীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন ইনফানতিনো। কাজ ছাড়ার পর সেই মহিলাকে নাকি ছয় অঙ্কের অর্থ পাইয়ে দিয়েছিলেন। পরে ওই মহিলার এমবিএ কোর্সের ফি’ও দেন তিনি। এমনিতেই বিশ্বকাপ বিক্রি বিতর্কে জেরবার ফিফা প্রেসিডেন্ট। তার উপর নতুন এই অভিযোগে রীতিমতো বিপাকে তিনি।
ইনফানতিনো অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছেন। ফিফার তরফে বিবৃতিতে জানানো হয়, ‘এটা ক্রমশ স্পষ্ট যে, ফিফা প্রেসিডেন্টকে দুর্বল করার জন্য কিছু মানুষ প্রতিনিয়ত চেষ্টা চালাচ্ছে। এসব ভিত্তিহীন। তবে যে কোনো অভিযোগের তদন্তকে স্বাগত জানায় ফিফা। কিন্তু তদন্ত মানে তথ্য বিকৃত করে ভুলভাবে দেখানো নয়।’