


চণ্ডীগড়: উত্তেজনার আবহে পাঞ্জাবের পাক সীমান্তবর্তী জেলা গুরদাসপুরে ব্ল্যাকআউটের নির্দেশ জারি করা হল। বৃহস্পতিবার রাত থেকে এই নির্দেশ কার্যকর হচ্ছে বলে সরকারি সূত্রে খবর। এছাড়া অমৃতসর ও তারণ তরণ জেলায় সব ধরনের বাজি পোড়ানোয় সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ধর্মীয় শোভাযাত্রা ও বিয়ে সহ কোনও অনুষ্ঠানেই বাজির প্রদর্শন করা যাবে না।
গুরদাসপুরের ডেপুটি কমিশনার জানিয়েছেন, বৃহস্পতিবার থেকে গোটা জেলায় ব্ল্যাকআউট চলবে। রাত ন’টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত বন্ধ থাকবে আলো। পরবর্তী নির্দেশ জারি না হওয়া পর্যন্ত জেলায় ব্ল্যাকআউট জারি থাকবে। তবে ক্যান্টনমেন্ট জোন ও সামরিক এলাকাগুলি এই নির্দেশিকার আওতায় পড়বে না। তীব্র সতর্কতার মধ্যেই গতকাল রাত দু’টো নাগাদ ভাতিন্দার কাছে অকালি খুর্দ গ্রামে চাষের জমিতে একটি বিমান ভেঙে পড়ে বলে খবর। বিস্ফোরণের জেরে এক শ্রমিকের মৃত্যু হয়। জখম হন আরও ন’জন। ভাতিন্দার ভিসিয়ানা এয়ারফোর্স স্টেশন থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে এই ঘটনার জেরে উত্তেজনা ছড়ায়। ভোরের আলো ফোটার আগেই ঘটনাস্থলে চলে আসেন সেনাবাহিনী ও বায়ুসেনার আধিকারিকরা। ঘটনাস্থল ঘিরে দিয়ে চলে ধ্বংসাবশেষ সংগ্রহের কাজ। তবে এই ঘটনা নিয়ে সরকারি স্তরে কোনও মন্তব্য করা হয়নি। পাশাপাশি পাঞ্জাবের ফিরোজপুর সেক্টরে বুধবার রাতে এক পাক অনুপ্রবেশকারীকে গুলি করে মারে বিএসএফ। সূত্রের খবর, সীমান্তের ওপার থেকে এক ব্যক্তি ভারতীয় ভূখণ্ডে ঢোকার চেষ্টা করে। বিএসএফের তরফে বারবার সতর্ক করা সত্ত্বেও কোনও কাজ হয়নি। অবশেষে সীমান্তরক্ষী বাহিনীর চালানো গুলিতে ওই পাক অনুপ্রবেশকারীর মৃত্যু হয় বলে খবর।