


সংবাদদাতা, উলুবেড়িয়া: কোনও শিক্ষাবন্ধু নয়, স্কুলছুটদের বুঝিয়ে তাদের স্কুলমুখী করতে এবার তাদের বাড়িতে পৌঁছে গেলেন খোদ বিডিও। শুক্রবার শ্যামপুর ১ নম্বর ব্লকের বিডিও তন্ময় কার্জি ও অন্যান্য আধিকারিকরা স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে পৌঁছে গেলেন কয়েকজন স্কুলছুট পড়ুয়ার বাড়িতে। সেখানে তাদের বুঝিয়ে ফের স্কুলমুখী করার চেষ্টা চালালেন তাঁরা। শনিবার তাদের পুনরায় স্কুলে যাওয়ার কথা।
শ্যামপুর ১ নম্বর ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এদিন ডিঙাখোলা গ্রাম পঞ্চায়েতের ডিঙাখোলা গ্রামে দু’জন এবং শিবগঞ্জ গ্রামের একজন স্কুলছুট ছাত্রীর বাড়িতে যান বিডিও। এদের মধ্যে একজন নবম শ্রেণিতে পড়ার সময় স্কুল ছেড়ে দেয়। একজন মাধ্যমিকে অকৃতকার্য হওয়ার পর আর পড়াশোনা করেনি। অন্যজন পড়া ছেড়েছে একাদশ শ্রেণিতে থাকাকালীন। এদিন বিডিও ছাত্রীদের পাশাপাশি তাদের অভিভাবকদের সঙ্গেও কথা বলেন। দেখা যায়, আর্থিক সমস্যার কারণেই দু’জন মাঝপথে পড়া ছেড়েছে। তবে অন্যজন পড়াশোনাকে বিদায় জানিয়েছে অনিচ্ছার কারণে। আসলে স্কুলে যেতে তার অনীহা তৈরি হয়েছে। তাদের প্রত্যেককেই স্কুলে আসার প্রয়োজনীয়তা বোঝানো হয়। শেষমেশ তারা কাল থেকে স্কুলে আসবে বলে জানিয়েছে।
তবে তারা এই মুহূর্তে ভোকেশনাল কোর্সে ভর্তি হতে চাইছে। সেইমতোই তাদের ভর্তির আশ্বাস দেওয়া হয়েছে। তাদের টেলারিংয়ের প্রশিক্ষণ দেওয়া হবে। তবে তারা যদি সাধারণ শিক্ষার ক্লাসে পড়তে চায়, তাহলে প্রশাসন ও শিক্ষাদপ্তরের অনুমতি নিয়ে যে ক্লাসে পড়ত, সেখানে ভর্তি হতেই পারে। ব্লক প্রশাসন সূত্রে খবর, এই মুহূর্তে শ্যামপুর ১ নম্বর ব্লকের ২২টি উচ্চ মাধ্যমিক স্কুলের মধ্যে প্রায় ৬০ জন পড়ুয়া স্কুলছুট। তাদেরও বাড়িতে যাওয়ার পরিকল্পনা আছে ব্লক প্রশাসনের কর্তাদের। - নিজস্ব চিত্র