


নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: বারাকপুর পুলিশ কমিশনারেটের অধীনস্থ নির্ধারিত দুর্গাপুজোর প্রতিমা বিসর্জনের ঘাটগুলি পরিদর্শন করা হল। আজ অপরাহ্ণে দুর্গাপুজো পরবর্তী মা দুর্গার প্রতিমা বিসর্জনের প্রস্তুতি খতিয়ে দেখতে বারাকপুর পুলিশ কমিশনারেটের অধীন নির্ধারিত বিসর্জন ঘাটগুলিতে একটি যৌথ পরিদর্শন করা হয়। এই পরিদর্শনে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের শ্রম ও পরিবহণ দপ্তরের মন্ত্রী অর্জুন সিং, উত্তর ২৪ পরগনার জেলাশাসক, বারাকপুরের পুলিশ কমিশনার, বারাকপুরের মহকুমা শাসক, বারাকপুরের বিভিন্ন ডিভিশনের ডেপুটি পুলিশ কমিশনারগণ, জোনাল অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনারগণ এবং পুরসভা, পূর্ত দপ্তর, সিভিল ডিফেন্স, বিপর্যয় মোকাবিলা দল, দমকল-সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা।
পরিদর্শনকারী দলটি বিসর্জন ঘাটগুলির সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখে সংশ্লিষ্ট আধিকারিকদের প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। যাতে বিজয়া দশমীর পুণ্যলগ্ন থেকে বিসর্জনের দিনগুলিতে প্রতিমা বিসর্জন প্রক্রিয়া নিরাপদ, সুশৃঙ্খল এবং নির্বিঘ্নে সম্পন্ন হয়। বারাকপুর পুলিশ কমিশনারেট সংশ্লিষ্ট সমস্ত দপ্তরের সঙ্গে সমন্বয় রেখে একটি সুপরিকল্পিত, সুশৃঙ্খল ও অপ্রীতিকর ঘটনামুক্ত বিসর্জন প্রক্রিয়া নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।