


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যে বিধানসভা নির্বাচনের মধ্যেই চলবে প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ। সম্প্রতি প্রাথমিক শিক্ষা পর্ষদ যে ইন্টারভিউ সূচি ঘোষণা করেছে, তাতেই স্পষ্ট, ভোটের জন্য নিয়োগ প্রক্রিয়া স্তব্ধ করতে চায় না তারা। রাজনৈতিক মহলের ব্যাখ্যা, এরাজ্যের বিধানসভা নির্বাচনের সিংহভাগ পর্বই চলবে এপ্রিল জুড়ে। কারণ ৫ মার্চের মধ্যে গণনাসহ নির্বাচনি প্রক্রিয়া শেষ করতে হবে। এবার সূচিতে দেখা যাচ্ছে, বাঁকুড়া, আলিপুরদুয়ার ও দক্ষিণ দিনাজপুরের ইন্টারভিউ এপ্রিল জুড়ে চলবে একাধিক ধাপে। ৬ এপ্রিল থেতে ৩০ এপ্রিল পর্যন্ত এই ইন্টারভিউ চালাবে পর্ষদ। মালদহ, বর্ধমান এবং বীরভূমের ইন্টারভিউ রয়েছে মার্চে। এটা ইন্টারভিউয়ের নবম এবং দশম পর্ব। সেটা চলবে ৫ মার্চ থেকে ২৯ মার্চ পর্যন্ত।
সাধারণত ভোট ঘোষণা হয়ে যে আদর্শ আচরণবিধি কার্যকর হয়, তার মধ্যে নতুন নিয়োগ ঘোষণা বা নিয়োগ প্রক্রিয়া চালানো নিষিদ্ধ থাকে। কারণ নতুন চাকরি দিয়ে ভোটারদের মনোভাব পালটানোর সুযোগ থাকে সরকারের কাছে। অনেকেই ভেবেছিলেন, ভোট ঘোষণা হয়ে গেলে ইন্টারভিউ স্থগিত রাখবে পর্ষদ। তবে, তা হচ্ছে না। কারণ, শিক্ষা আধিকারিকরা মনে করছেন, এই ইন্টারভিউ আগে থেকেই শুরু হয়েছিল। বেশ কয়েকটি জেলায় ইতিমধ্যেই তা হয়ে গিয়েছে। তাই এরকম চলমান প্রক্রিয়ায় সমস্যা হওয়ার কথা নয়। এটি কোনো নতুন চাকরির ঘোষণা নয়। বরং, পূর্বঘোষিত নিয়োগের রুটিন চলমান প্রক্রিয়া। তাই ইতিবাচকভাবেই এগোচ্ছে পর্ষদ। এর পাশাপাশি স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে স্কুল শিক্ষক নিয়োগের কাউন্সেলিংও চলছে। তবে, সুপ্রিম কোর্টের নজরদারিতে এবং তাদের বেঁধে দেওয়ার সময়সীমার মধ্যে এই নিয়োগ সম্পন্ন করতে হচ্ছে, তাই তা নিয়ে চিন্তিত নয় কমিশন।