


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি এবং তিন রাজ্যে বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখেই প্রকাশিত হল আইপিএলের আংশিক সূচি। কোটিপতি লিগ শুরু ২৮ মার্চ। গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ঘরের মাঠ চিন্নাস্বামী স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে অভিযান শুরু করবে। তবে টুর্নামেন্ট শুরুর আগে স্টেডিয়ামের ফিটনেস টেস্ট হবে। পাস করলে তবেই ঘরের মাঠে খেলার সবুজ সংকেত পাবে আরসিবি। না হলে কোহলিদের হোম ম্যাচ স্থানান্তরিত হতে পারে। উল্লেখ্য, গতবার চিন্নাস্বামীতে কোহলিদের কাপ জয়ের উৎসবে পদপিষ্ট হয়ে মারা গিয়েছিলেন ১১ জন ক্রিকেটপ্রেমী। তার জেরে আরোপিত নিষেধাজ্ঞা উঠলেও এখনও আতসকাচের নীচে বেঙ্গালুরুর এই মাঠ।
আপাতত ১২ এপ্রিল পর্যন্ত মোট ২০টি ম্যাচের সূচি প্রকাশ করেছে আইপিএল গভর্নিং কাউন্সিল। কলকাতা নাইট রাইডার্স অভিযান শুরু করবে ২৯ মার্চ শাহরুখ খানের শহর মুম্বইয়ে। প্রথম পর্বের সূচিতে তাদের পরের তিনটি ম্যাচই ইডেনে। ২ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদ, ৬ এপ্রিল পাঞ্জাব কিংস এবং ৯ এপ্রিল লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ঘরের মাঠে নামবেন অজিঙ্কা রাহানে, রিঙ্কু সিংরা। টুর্নামেন্টের প্রথম ১৬ দিনে চারটি ডাবল ডেকার থাকছে। দুপুরের ম্যাচ শুরু বিকেল ৩-৩০ মিনিটে। আর রাতের ম্যাচ বল গড়াবে ৭-৩০ মিনিটে।