


তেহরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যতই হুমকি দিন, আমেরিকার সেনা পরিকাঠামোর উপর হামলা অব্যাহত থাকবে বলে কার্যত স্পষ্ট করে দিল ইরান। মঙ্গলবার ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, মঙ্গলবার তারা কুয়েত ও বাহরিনে অবস্থিত মার্কিন সেনা পরিকাঠামোয় আঘাত হেনেছে। এর মধ্যে এয়ার ডিফেন্স সিস্টেমও রয়েছে। ইরানের সংবাদমাধ্যম আইআরএনএ জানিয়েছে, বাহরিনের দুটি এয়ার ডিফেন্স সিস্টেম এবং একটি রেডার ব্যবস্থা এবং কুয়েতের মিসাইল ডিফেন্স সিস্টেম, রাডার ও স্যাটেলাইট রিসেপশন সিস্টেমকে এদিন টার্গেট করেছিল আইআরজিসি। তারা জানিয়েছে, রেডার ধ্বংসের পর শত্রুপক্ষ যেন আরও বড়ো ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার জন্য প্রস্তুত থাকে। এর আগে সোমবার গভীর রাতে মার্কিন সেনার সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছিল, তারা টানা দশম দিন ইরানে হামলা চালিয়েছে। হরমুজ প্রণালী সকলের জন্য খোলা রাখতে এবং ইরানের থেকে ওই জলপথের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিতেই এই আক্রমণ বলে দাবি করেছে সেন্টকম।
যদিও ইরানে নতুন করে হামলা চালাতে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে মার্কিন সেনা। এখনও পর্যন্ত ১৭ জন মার্কিন সেনার মৃত্যুর খবর মিলেছে। একের পর এক সেনা প্রাণ হারাতেই সোমবার রাতে ট্রাম্প হুঁশিয়ারি দেন, ইরান যতবার একজন মার্কিন সেনাকে মারবে, ততবার তাদের বহু গুণ মূল্য চোকাতে হবে। যদিও তাতে আইআরজিসিকে থামানো যায়নি। তবে হামলা ও পালটা হামলার মধ্যে এখনও শান্তি আলোচনার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে দুই দেশই। পশ্চিম এশিয়ায় শান্তি ফেরাতে পাকিস্তান সফরে গিয়েছেন ইরানের অভ্যন্তরীণ বিষয়কমন্ত্রী এসকান্দার মোমেনি।