


তেহেরান, ৩০ মার্চ: কথা ছিল ভারত থেকে ইরানের জন্য ত্রান সামগ্রী নিয়ে পৌঁছাবে একটি বিমান। তার আগেই সেই পরিকল্পনাতে জল ঢালল মার্কিনবাহিনী। সূত্রের খবর, ইরানের মাশহাদ বিমানবন্দরে সোমবার এক মার্কিন বিমান হামলায় ক্ষতিগ্রস্ত হল ইরানের মাহান এয়ারের একটি বিমান। ভারতের উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল এই বিমানের। ভারত থেকে ত্রান সামগ্রী সংগ্রহ করে ফের ইরানে পৌঁছাত এই বিমানটি। কিন্তু তার আগেই ক্ষতির মুখে পড়ল এই বিমান। যার যেরে ইরানের ভারতে নির্ধারিত মানবিক সহায়তা সংগ্রহ অভিযান অনিশ্চয়তার মধ্যে পড়ল, এমনটাই দাবি ইরানের। সূত্রে জানা গিয়েছে, ক্ষতিগ্রস্ত বিমানটি চলতি সপ্তাহেই নয়াদিল্লির উদ্দেশ্যে রওনা দিত। পরিকল্পনা অনুযায়ী, ভারত থেকে জরুরি চিকিৎসা সামগ্রী ও ত্রাণ সংগ্রহ করে তা পুনরায় ইরানে নিয়ে যাওয়ার কথা ছিল। তবে এই হামলার বিষয়ে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো নিশ্চিত প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, মাশহাদ বিমানবন্দরে মার্কিন হামলার ফলেই বিমানটি ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে নির্ধারিত সফর এখন অনিশ্চয়তার মুখে। বিমানটি ১ এপ্রিল নয়াদিল্লিতে পৌঁছানোর কথা ছিল।
গত ১৮ মার্চ ভারত ইরানের জন্য প্রথম দফায় চিকিৎসা সহায়তা পাঠায়, যা ইরানিয়ান রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে পৌঁছে দেওয়া হয়। এই সহায়তার জন্য নয়াদিল্লিতে অবস্থিত ইরানি দূতাবাস ভারতের প্রশংসা করেছে।