


নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দীর্ঘ ১৫ বছর পর দিল্লিতে পশ্চিমবঙ্গের সরকারি অতিথিশালা বঙ্গভবনে খাবার পরিবেশনের দায়িত্ব হারাচ্ছে বিজলি গ্রিল? সোমবার সরকারি সূত্রে জানা গিয়েছে, নতুন যে দরপত্র আহ্বান প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, তাতে একটি স্থানীয় সংস্থা ‘অ্যারিস্টোক্র্যাট’কে এই দায়িত্ব দেওয়া হতে পারে। এর ফলে দিল্লিতে দু’টি বঙ্গভবনের প্রায় ৫০ জন কর্মী কাজ হারানোর আশঙ্কা করছেন। আজ, মঙ্গলবার এব্যাপারে দিল্লিতে অবস্থিত পশ্চিমবঙ্গের রেসিডেন্ট কমিশনারের কার্যালয়ের সঙ্গে বৈঠক হতে পারে সব পক্ষের। বৈঠকের পর বিজলি গ্রিলের জন্য কোনো নির্দেশিকা জারি হতে পারে। ২০১১ সাল থেকে বঙ্গভবনের খাবার পরিবেশনের দায়িত্বে ছিল বিজলি গ্রিল। নতুন সংস্থার সঙ্গে একইভাবে চুক্তি হবে এক বছরের জন্য। তবে আচমকাই কেন বিজলি গ্রিলকে দায়িত্ব থেকে সরানো হচ্ছে, তার সদুত্তর মেলেনি। এবিষয়ে কোনো পক্ষই মুখ খুলতে চায়নি।