


নয়াদিল্লি: কেন্দ্রের মোদী সরকারের মহাকাশ গবেষণা নীতির কড়া সমালোচনা করল কংগ্রেস। দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, ইসরোকে দুর্বল ও পঙ্গু করে বেসরকারিকরণের নীতি গ্রহণ করেছে সরকার। কংগ্রেস নেতা জয়রাম রমেশের অভিযোগ, ইসরোকে রুটিন কাজ থেকে দূরে সরিয়ে দিয়ে ঐতিহাসিক প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে ফেলা হচ্ছে। স্বল্প খরচে সফল অভিযান চালিয়ে বিশ্বে সমীহ আদায় করে নিয়েছে ভারতীয় মহাকাশ সংস্থা ইসরো। এই অবস্থায় মহাকাশ অভিযান কর্মসূচিকে যেভাবে বেসরকারি হাতে তুলে দেওয়া হচ্ছে, তার তীব্র সমালোচনা করেছেন জয়রাম। এক্স হ্যান্ডলে জয়রাম লিখেছেন, ‘গত ছয় দশক ধরে তিলে তিলে গড়ে উঠেছে ইসরো। বিক্রম সারাভাই, সতীশ ধাওয়ান, ব্রহ্ম প্রকাশ, ইউ আর রাও, এ পি জে আব্দুল কালাম এবং অন্য বহু বিজ্ঞানী ও প্রযুক্তিবিদের চেষ্টায় ইসরো অন্য উচ্চতায় পৌঁছেছে। কেন্দ্রের বেসরকারিকরণের প্রচেষ্টায় অর্জিত সুনাম প্রশ্নের মুখে পড়েছে।’ তাঁর আরও অভিযোগ, বেসরকারিকণের এই প্রেরণা আসছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং তাঁর দপ্তর থেকে। তাঁর কথায়, ‘এর ফলে কৃত্রিম উপগ্রহ তৈরি এবং উৎক্ষেপণে ইসরোর ভূমিকা সংকুচিত হবে। বেশিরভাগ কাজটাই চলে যাবে বেসরকারি সংস্থার হাতে।’ জয়রামের মন্তব্যের তীব্র সমালোচনা করেছে বিজেপি। গেরুয়া শিবিরের মতে, ভারতের মহাকাশ কর্মসূচি সরকারি ব্যবস্থায় অগ্রগতির প্রাথমিক অবস্থা কাটিয়ে উঠেছে। এখন এর ইকোসিস্টেমে ইসরোর পাশাপাশি বেসরকারি সংস্থা এবং স্টার্টআপ সংস্থাগুলিও যুক্ত হয়েছে।
এদিনই গগনযান নিয়ে খুশির খবর শুনিয়েছেন ইসরোর চেয়ারম্যান ভি নারায়ণন। সোমবার তিনি বলেন, গগনযান মিশন এখন শেষপর্যায়ে। আগামী চারমাসের মধ্যে প্রথম পর্যায়ের অভিযান সারবে ইসরো। আমেদাবাদে তৃতীয় জাতীয় মহাকাশ দিবস উপলক্ষ্যে এক অনুষ্ঠানে তিনি বলেন, গগনযানকে ঘিরে প্রায় ৮ হাজার পরীক্ষা সম্পূর্ণ।