


ওয়াশিংটন, ১ এপ্রিল: ইরান যুদ্ধে রীতিমতো কোণঠাসা অবস্থা আমেরিকার। অথচ এই দুর্দিনেও পাশে নেই ন্যাটো সদস্যরা। ইউরোপের কোনও দেশই এই যুদ্ধে জড়াতে চায় না। এই পরিস্থিতিতে সহযোগীদের বিরুদ্ধে তোপ দাগলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ন্যাটো জোট ছেড়ে বেরিয়ে যাওয়ার ইঙ্গিতও দিয়েছেন তিনি।
ইরান যুদ্ধে যোগ না দেওয়ার জন্য ইংল্যান্ড, ফ্রান্স এবং স্পেনকে নিশানা করেছেন ট্রাম্প। পাশাপাশি ন্যাটোকে ‘কাগুজে বাঘ’ বলেও কটাক্ষ করেছেন তিনি। বুধবার এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘ন্যাটো আমাকে কখনোই প্রভাবিত করতে পারেনি। আমি সবসময়ই জানতাম ওটা আসলে কাগুজে বাঘ। পুতিনও সে কথা জানেন।’
ন্যাটোর সহযোগী দেশগুলিকে এর আগেও তোপ দাগতে দেখা গিয়েছে মার্কিন প্রেসিডেন্টকে। তাঁর বক্তব্য, ন্যাটোর পিছনে বিপুল অর্থ খরচ করে আমেরিকা। লক্ষ্য ইউরোপীয় সহযোগী দেশগুলির নিরাপত্তা নিশ্চিত করা। অথচ ইরান যুদ্ধে তার প্রতিদান মিলছে না।